Published : 12 Aug 2026, 09:16 PM
কিশোরগঞ্জ বন্ধুসভা সাহিত্য ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে জহির রায়হানের অমর সৃষ্টি 'হাজার বছর ধরে' উপন্যাসটির উপর একটি বিশেষ পাঠচক্র আয়োজন করে। গত ৮ আগস্ট বিকেলে শহরের জেলা পাবলিক লাইব্রেরিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এই উপন্যাসের মাধ্যমে গ্রামীণ বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের দারিদ্র্য, সামাজিক বৈষম্য, কুসংস্কার, পারিবারিক জটিলতা এবং প্রেম-বিরহের এক গভীর চিত্র পাঠকের সামনে উন্মোচিত হয়। লেখক প্রজন্মের পর প্রজন্ম ধরে কীভাবে একই ধরনের সামাজিক সংকট ও বঞ্চনা মানুষের জীবনে প্রভাব ফেলে, তা এই উপন্যাসের মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। বিশেষত নারীর অসহায়ত্ব, বাল্যবিবাহ, দারিদ্র্য এবং সামাজিক অবিচারের মতো বিষয়গুলো উপন্যাসটিকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।
পাঠচক্র চলাকালীন উপন্যাসের নামকরণ, চরিত্রদের মানসিক দ্বন্দ্ব এবং গ্রামীণ সমাজের বাস্তবতার সঙ্গে বর্তমান সময়ের তুলনামূলক আলোচনা বিশেষভাবে আলোকপাত করে। সহসভাপতি নাজমুল হক মন্তব্য করেন, ‘বইটির মধ্যে আমাদের সমাজের বহু পুরোনো সংকট ও বাস্তবতার প্রতিচ্ছবি নিহিত আছে। এই বই পড়ার সুযোগ আমাদের অতীতের সমাজকে জানার পাশাপাশি বর্তমান সমাজকেও নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার পথ দেখায়।’ সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, ‘জহির রায়হান সাধারণ মানুষের জীবনকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এঁকেছেন। দারিদ্র্য, কুসংস্কার এবং নারীর প্রতি সমাজের অবহেলা—এই চিত্রগুলো আজও সমাজে বিদ্যমান।
তাই নতুন প্রজন্মকে এই ধরনের সাহিত্য পাঠের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।’ দুর্যোগ ও ত্রাণ সম্পাদক উমর নাসিফ জোর দিয়ে বলেন, উপন্যাসের মূল আকর্ষণ হলো মানুষের জীবনসংগ্রাম। প্রতিকূলতার মাঝেও মানুষ কীভাবে টিকে থাকে এবং সামাজিক বাস্তবতার সঙ্গে লড়াই করে, সেই মানবিক দিকটি লেখক জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন। 'হাজার বছর ধরে' আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত করতে সাহায্য করে।।
বিদ্যুৎ সংকটের মুখে দোকান-বাজারের নতুন সময়সূচি: রাত ৮টায় বন্ধের নির্দেশ