Published : 12 Aug 2026, 08:16 PM
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন যে আগামী মাসের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এই তথ্য তিনি আজ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর আয়োজিত "আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা" শীর্ষক সেমিনারে তুলে ধরেন। মন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য একটি প্রধান বাজার। বর্তমানে এলডিসি (LDC) হিসেবে বাংলাদেশ ইইউতে 'এভরিথিং বাট আর্মস' (ইবিএ) সুবিধা ভোগ করে, যা এলডিসি গ্রাজুয়েশনের পর তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। এই প্রেক্ষাপটে, তিনি উল্লেখ করেন যে ইউরোপে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনাম ও ভারত ইতিমধ্যেই ইইউয়ের সঙ্গে এফটিএ স্বাক্ষর করেছে।
দীর্ঘদিন ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চললেও, সম্প্রতি ইইউর পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্তের আশা করা হচ্ছে। একই সাথে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে। মন্ত্রী জোর দিয়ে বলেন, এলডিসি গ্রাজুয়েশনের আগেই বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য বৈশ্বিক বাজারে 'অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার' (প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস) নিশ্চিত করতে এফটিএ স্বাক্ষর একটি জরুরি পদক্ষেপ। বর্তমানে আরও ১০-১২টি দেশের সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। আলোচনার গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চুক্তি সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা থেকে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, "হালাল অর্থনীতিকে আর শুধু খাদ্য ও পানীয় খাতের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। এটি এখন খাদ্য, ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন এবং আন্তর্জাতিক সার্টিফিকেশনের সমন্বয়ে গঠিত একটি বিশাল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।" সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।।
মার্কিন ব্যবসায়ীদের সাথে নিবিড় সম্পর্ক দেশের অর্থনীতিকে চালিত করতে পারে: হুমায়ুন কবিরের বক্তব্য