Published : 30 Jul 2026, 01:26 AM
চট্টগ্রামের দোহাজারী রেললাইনের ধারে দাঁড়িয়ে ভিডিও তৈরি করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন মোরশেদ আলম (২৫)। ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। তাঁর বাঁ পায়ের গোড়ালি ও ডান পায়ের পাতা বিকৃত হয়ে যায় এবং বাঁ হাতের তিন-চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটে আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন সংলগ্ন এলাকায়। মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা।
রেলস্টেশন মাস্টার নেছার উল্লাহ প্রথম আলোকে জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তেলবাহী একটি ট্রেন দোহাজারীর পিডিবি তেলের ডিপোতে পৌঁছায়। এই সময় মোরশেদ আলম তাঁর স্ত্রী এবং এক বছর বয়সী সন্তানকে নিয়ে রেললাইনের সাইডিং লাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। মাস্টার জানান, ট্রেনটি শান্টিংয়ের মাধ্যমে পেছন থেকে সামনের দিকে ঠেলে নেওয়া হচ্ছিল এবং চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করছিলেন। কিন্তু মোরশেদ আলম ও তাঁর পরিবার ভিডিওতে মগ্ন থাকায় তারা তা খেয়াল করতে পারেননি। এক পর্যায়ে ট্রেনটি কাছাকাছি চলে আসে, কিন্তু রেললাইন থেকে সরে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর রেলওয়ের তিন কর্মচারী এবং স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রিকশাযোগে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। দোহাজারী হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ রকিবুল হাসান জানান, গুরুতর আহত অবস্থায় মোরশেদ আলমকে হাসপাতালে আনা হয়। তাঁর পা ও হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।।
বিখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার বিদায়: কিসমত খন্দকারের আত্মার শান্তি কামনা