Published : 09 Jul 2026, 07:05 AM
আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) প্রেরিত এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জ্ঞাপন করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার, এই দেশের জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন উপলক্ষে আপনাকে ও আপনার দেশের সকল নাগরিককে উষ্ণ অভিনন্দন জানাই। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, ট্রাম্পের বাস্তবমুখী ও প্রজ্ঞাবান নেতৃত্বে আগামী দশকগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বৃহত্তর শ্রেষ্ঠত্বের পথে অগ্রসর হবে।
তারেক রহমান আরও উল্লেখ করেন যে, যখন যুক্তরাষ্ট্র এই গৌরবময় দিনটি উদযাপন করছে, তখন 'আমেরিকা ২৫০' সারা বিশ্বের মানুষকে মার্কিন স্বপ্ন, আত্মত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অবদান থেকে অনুপ্রাণিত করছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় এক অমূল্য বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে থেকেছে। গত পাঁচ দশকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এক শক্তিশালী অংশীদারিত্বে পরিণত হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী আরও জানান যে, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, যা দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এছাড়াও, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও মহানুভবতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তার সমাপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার করেন, 'আমি এবং আমার সরকার অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় ও গভীর করতে আপনার এবং আপনার প্রশাসনের সাথে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর।' তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং বন্ধুপ্রতিম মার্কিন জনগণের জন্য টেকসই শান্তি, সমৃদ্ধি ও সুখের প্রত্যাশা ব্যক্ত করেন।।
ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন