Published : 09 Jul 2026, 08:04 AM
খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত সমাধান এবং তাদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দিয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা প্রদান করা হয়। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি কর্পোরেশনসহ মাঠ পর্যায়ের ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেবে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কার্যক্রম পরিচালনায় যে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, তা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক পরীক্ষাগার স্থাপন, মাঠ পর্যায়ের অভিযানের জন্য উন্নত সরঞ্জাম সরবরাহ এবং প্রভাবশালী সিন্ডিকেটদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
একই সাথে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির দাবিও জানানো হয়। কর্মকর্তাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এই বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, "সমস্যা থাকবেই। তবে সেই সমস্যাগুলোর মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকা চলবে না। বিশ্বের অনেক দেশ আমাদের চেয়েও পিছিয়ে ছিল, অথচ আজ তারা অনেক দূর অগ্রসর হয়েছে। আমাদেরও একই পথে এগিয়ে যেতে হবে।
সবাই যদি আন্তরিকভাবে একসঙ্গে কাজ করে, তবে তা অবশ্যই সম্ভব। দেশের স্বার্থে সকলের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।" জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী গুলশান লেকের ব্যবস্থাপনার উদাহরণ দিয়ে বলেন, দেশের অনেক লেক আবর্জনায় ভরে যাচ্ছে এবং দুঃখজনক হলেও শিক্ষিত মানুষের একটি অংশই এসব আবর্জনা ফেলছেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারের উদ্যোগেই নয়, নাগরিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেও দেশকে পরিবর্তন করা সম্ভব। এর জন্য সকলকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। এই আলোচনায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
অর্থ মন্ত্রকের নতুন নির্দেশ: সরকারি অর্থ ব্যয়ে গাড়ি কেনা ও বিদেশ সফর আপাতত স্থগিত