Published : 09 Jul 2026, 02:04 AM
চীন সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট ট্রেনের মাধ্যমে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার (স্থানীয় সময়) দুপুর ২টায় তিনি দালিয়ান থেকে বেইজিংয়ের দিকে যাত্রা শুরু করেন। এই গুরুত্বপূর্ণ সফরের সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী ড. জুবাইদা রহমান। এই তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়েছে।
এর আগে, স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত 'গ্রীষ্মকালীন দাভোস' সম্মেলনের বার্ষিক অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এই সম্মেলনে '১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস' আয়োজন করা হয়। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেমন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের মতে, 'গ্রীষ্মকালীন দাভোস' সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন করবে। একই সাথে, বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন গ্রহণ করে দেশের জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করতে এটি সহায়ক হবে।।
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা