Published : 08 Jul 2026, 09:46 PM
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) রাতে এই নির্দেশ নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে মোবাইল ফোনে এই নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আপাতত মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন এবং আনুষ্ঠানিক চিঠি আগামীকাল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ঐতিহাসিক পটভূমি এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং পুনঃগণশুনানি করা হবে।
চিঠি পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের সূত্রমতে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত মূলত স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা এক প্রজ্ঞাপনে প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন তৈরি হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় 'মীরবাড়ী' এবং মোকামতলা উপজেলায় 'সীমান্ত', 'দিগন্ত' ও 'স্বর্ণগ্রাম' নাম দেওয়া হয়। এই নামকরণের পর অভিযোগ ওঠে যে, প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম 'মীরবাড়ী' এবং তাঁর পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং নামকরণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। জাতীয় সংসদেও এই বিষয়ে উত্থাপিত হলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই ও গণশুনানির মাধ্যমে নামগুলো নির্ধারণ করেছেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এই নামগুলো দেওয়া হয়েছে এবং পারিবারিক নামের সঙ্গে মিল থাকা কাকতালীয়। কিন্তু জনমনে অসন্তোষ বজায় থাকায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে নাম পরিবর্তনের নির্দেশ দেন।।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা: বাণিজ্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন