Published : 08 Jul 2026, 09:39 PM
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশ এসেছে। শুক্রবার (১৯ জুন) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে মোবাইল ফোনে এই নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আপাতত মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং আনুষ্ঠানিক চিঠি আগামীকাল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসক আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং পুনঃগণশুনানি করা হবে।
চিঠি পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হবে।' জেলা প্রশাসনের সূত্রমতে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত মূলত স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট প্রতিফলিত করার জন্যই নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করে। উল্লেখ্য, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা এক প্রজ্ঞাপনে প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন তৈরি হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়ন 'মীরবাড়ী' এবং মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম রাখা হয় 'সীমান্ত', 'দিগন্ত' ও 'স্বর্ণগ্রাম'। এই নামকরণের পর যখন অভিযোগ ওঠে যে, প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম 'মীরবাড়ী' এবং তাঁর পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের নামকরণ করা হয়েছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং নামকরণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়। সেই সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে এই নামগুলো নির্ধারণ করেছেন। তিনি বলেন, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকাটি গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে হওয়ায় নামগুলো এভাবে রাখা হয়েছে। তাঁর ছেলেদের নামের সঙ্গে এই নাম মিলে যাওয়া কাকতালীয় বলে তিনি উল্লেখ করেন। কিন্তু জনগণের অসন্তোষ ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে নাম পরিবর্তনের নির্দেশ দেন।।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা: বাণিজ্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন