Published : 23 Jun 2026, 06:29 PM
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক কড়া মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, 'আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পিছনে ধাওয়া করেছে। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমার টাকার প্রতি কোনো লোভ হয়নি। প্রধানমন্ত্রী আমাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলেছেন, তাই আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।' শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'জামায়াতপন্থীরা অভিযোগ করে যে এটি বে-ইনসাফ। তারা অল্প কিছু টাকার বিনিময়ে মানুষকে ঠকিয়ে দিচ্ছে। ছয়টি শিশুর মৃত্যু হয়েছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে তারা (আদ্-দ্বীন হাসপাতাল) নিজেদের পক্ষে নানা কথা বলছে।
কথা বলুক বা না বলুক, আমি বাতিল করেছি। এই একটি পদক্ষেপেই সারা দেশের বেসরকারি হাসপাতালগুলো ঠিক হয়ে যাবে।' তিনি জোর দিয়ে বলেন, 'আমরা একটি ব্যতিক্রমী সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে আমরা সকল মানুষের সেবা করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ স্পষ্ট—সকলকেই দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।' স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীদের সেবা প্রদানের জন্য পাইলটিং স্কিমের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এই পরিকল্পনা অনুযায়ী, আমাদের কর্মীরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রাথমিক সেবা দেবেন।
এরপর প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থা সহজ করার লক্ষ্য রয়েছে। তিনি আরও যোগ করেন, চীনের সহযোগিতায় আমরা তিন হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চলেছি, যেখানে শিশু ও নারীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান প্রমুখ। এই সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।।
জনসাধারণের সমর্থন না থাকলে পরিস্থিতি ভিন্ন হতো: ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ