Published : 06 Jun 2026, 04:10 PM
সরকার জনগণের একেবারে দরজায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করতে চলেছে। এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির এক গুরুত্বপূর্ণ সভায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, সরকার জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করছে। এই লক্ষ্য অর্জনের জন্য আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই প্রকল্পের বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসান শিপলু আরও বলেন, প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। সরকারের এই পদক্ষেপ সফল হলে দেশের অ্যাম্বুলেন্সের চাহিদা মেটানো সম্ভব হবে এবং আমদানি নির্ভরতাও হ্রাস পাবে। প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে, এই পরিষেবা তিন ধাপে প্রদান করার পরিকল্পনা রয়েছে—গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমদানি নির্ভরতা কমবে এবং তুলনামূলক কম খরচে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রেও এই উদ্যোগ বড় ধরনের উন্নতি আনবে।
সভায় বিশেষজ্ঞরা আরও জানান, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সহায়তা এবং জরুরি সেবার অন্যান্য সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক অবস্থান ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনা করে এই যানবাহনগুলোর নকশা তৈরি করা হবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা সচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ এহসান, অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক আবদুল সালাম আখন্দ, অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
নওগাঁ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ; রাতের অন্ধকারে ১৭ জনকে ফিরিয়ে দিল বিএসএফ