Published : 03 Jun 2026, 09:10 PM
বিকেল চারটার সময় আকাশ থেকে হালকা বৃষ্টি ঝরে পড়ছিল। আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলার উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। ব্রাজিলের বিভিন্ন বয়সের সমর্থকরা মাথা ও হাতে হলুদ-সবুজের পতাকা উড়িয়েছেন, কারো গালে ট্যাটু, আবার কারো হাতে লম্বা বাঁশি। সকলের প্রতীক্ষায় ছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রার। ব্যান্ডপার্টির ঢোল ও বাঁশির সুরেলা আওয়াজের সঙ্গে সঙ্গে এই শোভাযাত্রা শুরু হয়। বাজনার তালে নাচছেন অনেকে, হাততালি দিচ্ছেন, আর বড় বাঁশির শব্দে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। বুধবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর পৌর শহরের হিলি সীমান্তে এমন এক দৃশ্য দেখা যায়।
হাকিমপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে হিলি-জয়পুরহাটের পাকা সড়ক ধরে বিশ্বকাপ ফুটবল দল ব্রাজিলের সমর্থকদের অংশগ্রহণে এক জমকালো শোভাযাত্রা বের হয়। এই সময় ব্রাজিল-ভক্তরা আতশবাজি ফুটিয়ে উল্লাস করেন। শোভাযাত্রায় হাকিমপুর ও আশপাশের উপজেলা থেকে রাজনৈতিক নেতা-কর্মী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিভিন্ন বয়সী যুবক ও শিশুরা ব্রাজিলের দলের জার্সি পরে অংশ নেন। শোভাযাত্রাটি হিলি সিপি রোড এবং হিলি অভিবাসন চেকিং পয়েন্টের পাশ দিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার ধারে দোকান, বাসাবাড়ি এবং পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও সমর্থন জানান। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিলের সমর্থক হাসান আলী বলেন, ‘ফুটবল আমার পরম পছন্দের খেলা। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের বিস্ময়কর প্রতিভা এন্ড্রিকের মতো খেলোয়াড়েরা হৃদয়ে গেঁথে আছে।
আমরা আশা করি, বিশ্বকাপের মাঠ থেকে এবারের ট্রফি ব্রাজিলের ঘরে যাবে।’ এই প্রসঙ্গে ব্রাজিল সমর্থক ও বিএনপির হাকিমপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপুল রেজা মন্তব্য করেন, ‘আমরা বাংলাদেশকে হৃদয়ে লালন করি। কিন্তু ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য ও কারিশমা আমাদের মুগ্ধ করে। আজ বিকেলে ঝড়বৃষ্টির মধ্যেও বিভিন্ন এলাকা থেকে ব্রাজিলের সমর্থকেরা এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন। রাজনৈতিক দ্বন্দ্ব ও অভিমানের ঊর্ধ্বে উঠে ব্রাজিল ভক্তরা হিলি বাজারে একসঙ্গে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগ করবেন। এই আনন্দ উদযাপনের জন্যই আজকের এই শোভাযাত্রা।’।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি 'গণবিরোধী' – জামায়াতের দাবি, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের প্রস্তুতি