Published : 24 May 2026, 11:29 PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে একটি চুক্তির বিষয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তিনি খুব শীঘ্রই চুক্তির বিস্তারিত বিষয়গুলো জনসমক্ষে ঘোষণা করবেন। গতকাল শনিবার ট্রাম্প বলেন, এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হলো হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্পের এই বক্তব্যের আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে এবং তাদের অবস্থান কাছাকাছি এসেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এর মানে এই নয় যে সব গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হয়ে গেছেন। একইসাথে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরস্পরবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগও তোলেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘শান্তি-সংক্রান্ত একটি সমঝো স্মারক’ নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের নেতাদের সাথে তাঁর ‘খুব ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের মধ্যে একটি চুক্তির বেশিরভাগ আলোচনা সম্পন্ন হয়েছে; এখন শুধু চূড়ান্ত অনুমোদন ও সমাপ্তি বাকি।’ বর্তমানে চুক্তির শেষ মুহূর্তের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই এটি ঘোষণা করা হবে বলে তিনি জানান। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তাঁর একটি ফোনে কথা হয় এবং তিনি জানান, ফোনালাপটি ‘খুব ভালোভাবে’ হয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর ব্যাপক হামলা শুরু করে। এর জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এপ্রিলের শুরুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিরতি শুরু হয়, যা এখনো চলছে। যুদ্ধবিরতির পর থেকে একটি স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একটি ‘সমঝোতা স্মারক’–এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের লক্ষ্য একটি চুক্তিতে পৌঁছানো, যা ১৪টি পয়েন্ট নিয়ে গঠিত একটি কাঠামোর আকারে হবে। বাঘাই আরও বলেন, তাঁরা বর্তমানে ওই সমঝোতা স্মারকটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছেন এবং আশা করছেন শেষ পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।।
ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: বাসে চাপা পড়ে ৫ জন, আহত ১৫; ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বাসে আগুন