Published : 19 May 2026, 05:25 PM
ফুটবল বিশ্বে এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। ম্যানচেস্টার সিটির ডাগআউটে ইতি টানতে যাচ্ছেন পেপ গার্দিওলা। ইতিহাদ স্টেডিয়ামের গ্যালারিতে আর দেখা যাবে না সেই পরিচিত দৃশ্য – উদ্বিগ্ন হাতে কপালে ভাঁজ, অথবা জয়সূচক উল্ল্লাস। ম্যানচেস্টার সিটির সোনালী সাফল্যের রূপকার এই স্প্যানিশ কোচ এবার বিদায় নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর বিশেষ প্রতিবেদনে জানা গেছে, এই মৌসুমের পরেই ম্যানচেস্টার সিটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। এর অর্থ, অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি হতে পারে গার্দিওলার শেষ ম্যাচ। গত এক দশক ধরে ইংলিশ ফুটবলে রাজত্ব করছে ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালে যখন গার্দিওলা এই ক্লাবে যোগ দেন, তখন অনেকেই সন্দিহান ছিলেন। প্রশ্ন উঠেছিল, স্প্যানিশ ও জার্মান ফুটবলে সফল এই কৌশল কি ইংলিশ ফুটবলের শারীরিক শক্তির সঙ্গে মানানসই হবে? কিন্তু পেপ শুধু মানিয়ে নেননি, বরং ইংলিশ ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন।
ইতিহাদে তাঁর কোচিংয়ে সিটিজেনরা জিতেছে ২০টি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ এবং ক্লাবটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ৫৫ বছর বয়সী এই কোচ ম্যানচেস্টার সিটিকে বিশ্ব ফুটবলের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। শোনা যাচ্ছে, ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের স্পন্সরদের এই বিষয়ে অবগত করেছে। গার্দিওলার ঘনিষ্ঠ মহলেও বিষয়টি দীর্ঘদিন ধরে ‘ওপেন সিক্রেট’ ছিল। সবকিছু ঠিক থাকলে, আগামী রোববারে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে গার্দিওলার বিদায় সমর্থকদের জন্য দুঃখের হলেও, ক্লাব এক রাজকীয় বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। সোমবার ম্যানচেস্টারের রাস্তায় একটি ছাদখোলা বাসে করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। বিকেল ৪টায় নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে শেষ হবে। সিটির সমর্থকেরা প্রিয় কোচের বিদায়কে স্মরণীয় করে রাখতে নীল রঙের পতাকা আর উল্লাসে পুরো শহর মাতিয়ে তুলবেন।
গার্দিওলার জায়গায় কে আসবেন? এই প্রশ্নের উত্তরে শোনা যাচ্ছে চেলসির প্রাক্তন কোচ এনজো মারেসকা এবং বায়ার্ন মিউনিখের বর্তমান বস ও সিটির কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানির নাম। গার্দিওলার বিদায়ের আগে তাঁর দল ঘরোয়া ট্রেবল জয়ের সুযোগ রেখেছে। গত শনিবার ওয়েম্বলিতে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগের শিরোপার জন্য আর্সেনালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আজ বার্নলিকে ১-০ গোলে হারিয়ে আর্সেনাল ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ৩৬ ম্যাচে সিটির পয়েন্ট ৭২। মঙ্গলবার রাতে বোর্নমাউথের মুখোমুখি হবে সিটি, আর তারপরই আসবে সেই রোববারের মাহেন্দ্রক্ষণ।।
তিন দশকের রহস্য: যৌন নির্যাতনের অভিযোগে যে বাংলাদেশি চিকিৎসককে তাড়া করছে এফবিআই