Published : 19 May 2026, 04:44 PM
ফুটবলের এক কিংবদন্তীর যুগের পতন আসন্ন। ম্যানচেস্টার সিটির ডাগআউটে ইতি টানতে চলেছেন পেপ গার্দিওলা। ইতিহাদ স্টেডিয়ামের গ্যালারিতে আর দেখা যাবে না সেই পরিচিত দৃশ্য – উত্তেজনাপূর্ণ মুহূর্তে তাঁর অস্থির পায়চারি, কিংবা জয়ের আনন্দে বাঁধনহারা উল্লাস। ম্যানচেস্টার সিটির ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে তিনি বিদায় নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে, এই মৌসুমের পরেই তিনি দলের দায়িত্ব ছেড়ে দেবেন। এর অর্থ হলো, আগামী রোববারের অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি হতে পারে গার্দিওলার শেষ ম্যাচ। গত এক দশক ধরে ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে। ২০১৬ সালে যখন গার্দিওলা এই ক্লাবে যোগ দেন, তখন অনেকেই সন্দিহান ছিলেন। প্রশ্ন উঠেছিল, স্প্যানিশ ও জার্মান ফুটবলে তিনি যে কৌশল দেখািয়েছেন, তা ইংল্যান্ডের দ্রুতগতির ও শারীরিক শক্তির খেলায় কতটা কার্যকর হবে।
কিন্তু পেপ গার্দিওলা শুধু মানিয়ে নেননি, বরং ইংলিশ ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। ইতিহাদে তাঁর কোচিংয়ে ম্যানচেস্টার সিটি ২০টি গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ এবং ক্লাবটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ৫৫ বছর বয়সী এই কোচ ম্যানচেস্টার সিটিকে বিশ্ব ফুটবলের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। শোনা যাচ্ছে, ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের স্পন্সরদের এই বিষয়ে অবগত করেছে। গার্দিওলার ঘনিষ্ঠ মহল থেকেও খবরটি বেশ কিছুদিন ধরে ‘ওপেন সিক্রেট’ ছিল। সবকিছু ঠিকঠাক চললে, আগামী রোববারেই এই ঘোষণা আসবে। তবে গার্দিওলার বিদায় সমর্থকদের জন্য বিষাদের হলেও, ক্লাব এক রাজকীয় বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। সোমবার ম্যানচেস্টারের রাস্তায় একটি ছাদখোলা বাসে করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। বিকেল ৪টায় নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হবে।
সিটির সমর্থকেরা প্রিয় কোচের বিদায়কে স্মরণীয় করে রাখতে নীল রঙের পতাকা আর উল্লাসে ম্যানচেস্টারের রাস্তা মাতিয়ে তুলবেন। গার্দিওলার জায়গায় কে আসবেন? এই প্রশ্নের উত্তরে শোনা যাচ্ছে চেলসির প্রাক্তন কোচ এনজো মারেসকা এবং বায়ার্ন মিউনিখের বর্তমান বস ও সিটির কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানির নাম। গার্দিওলার বিদায়ের আগে তাঁর সামনে রয়েছে ঘরোয়া ট্রেবল জয়ের সুযোগ। গত শনিবার ওয়েম্বলিতে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগের শিরোপার জন্য আর্সেনালের সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আজ বার্নলিকে ১-০ গোলে হারিয়ে আর্সেনাল ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ৩৬ ম্যাচে সিটির পয়েন্ট ৭২। মঙ্গলবার রাতে বোর্নমাউথের মুখোমুখি হবে সিটি, আর তারপরই আসবে সেই রোববারের মহালগ্ন।।
তিন দশকের রহস্য: যৌন নির্যাতনের অভিযোগে যে বাংলাদেশি চিকিৎসককে তাড়া করছে এফবিআই