Published : 02 Apr 2026, 07:06 PM
১৯৭১ সালের মুক্তি সংগ্রামে বিশ্বজুড়ে বহু হৃদয়বান লেখক ও শিল্পীর অক্লান্ত সমর্থন ছিল। তাঁরা শুধু মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেননি, আর্থিক সহায়তাও জুটিয়েছিলেন। এই বহুবিধ সাহায্য আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দীর্ঘ অনুসন্ধানে বিদেশি এই বন্ধুদের নানা উদ্যোগের প্রমাণ খুঁজে বের করেছেন। তাঁর সেই অনুসন্ধানের ফসল ২০২২ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয় ‘ভালোবাসায় বাড়ানো হাত: মুক্তিযুদ্ধে বিদেশি লেখক-শিল্পী বন্ধু’ নামে। সম্প্রতি, স্বাধীনতা দিবসের আনন্দঘন মুহূর্তে বেঙ্গল বইয়ের উদ্যোগে ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশন মিলনায়তনে এই বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা, প্রদর্শনী, কবিতা পাঠ ও সঙ্গীতের আয়োজন করা হয়।
বেঙ্গল ফাউন্ডেশনের ছাদবাগানে আলোকচিত্র, গানের ডিস্ক, বই, স্মরণীয় ডাকটিকিট, টি-শার্টসহ মতিউর রহমানের সংগৃহীত দুর্লভ সামগ্রী প্রদর্শন করা হয়। স্বাধীনতার পর থেকে তিনি গভীর আগ্রহ ও নিষ্ঠার সাথে এই নিদর্শনগুলো সংগ্রহ করেছেন। প্রদর্শনীতে ছিল নিউইয়র্কের ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ভিনাইল রেকর্ড, প্রামাণ্যচিত্র, জর্জ হ্যারিসনের আত্মকথা এবং তাঁর স্ত্রী অলিভিয়া হ্যারিসনের স্বাক্ষর করা ডিস্ক। এছাড়াও, বাংলাদেশের ডাক বিভাগ এই কনসার্ট নিয়ে যে স্মারক ডাকটিকিট ও খাম প্রকাশ করেছিল, সেগুলোও ছিল সেখানে। মার্কিন শিল্পী জোয়ান বায়েজের ‘সং অব বাংলাদেশ’ লংপ্লে ও তাঁর লেখা আত্মজীবনীও স্থান পায় প্রদর্শনীতে। লন্ডনের ‘কনসার্ট ইন সিমপ্যাথি ১৯৭১’ উপলক্ষে প্রকাশিত পুস্তিকা ও ছবি, ‘গুডবাই সামার’ কনসার্টের নানা মুহূর্তের ছবিও ছিল দর্শকদের জন্য।
পণ্ডিত রবিশঙ্কর, ভিক্টোরিয়া ওকাম্পো, অ্যালেন গিন্সবার্গ, আন্দ্রেই ভজনেসেনস্কির মতো কবি-লেখকদের ছবিও তুলে ধরা হয়। কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীদের বিভিন্ন উদ্যোগের ছবিও ছিল এই প্রদর্শনীতে। লেখক, কবি, প্রকাশক ও শিল্প-সাহিত্যপ্রেমীরা গভীর আগ্রহের সাথে প্রদর্শনীটি ঘুরে দেখেন।।
ফল আমদানিতে স্বস্তি: শতভাগ নগদ মার্জিন বাতিল, বাজার এখন আরও সহজ