Published : 17 Feb 2026, 07:05 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যদিও কিছু বিষয়ে ভিন্ন মত রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। গণভোটের মাধ্যমে সংস্কারের প্রশ্নে জনগণের ইতিবাচক রায় পাওয়া গেছে। সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ।’ সেই জনগণের ইচ্ছাকেই স্বীকৃতি দিয়ে গণভোটের আদেশ জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-এর ৩ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের লক্ষ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার বিষয়ক অংশ গণভোটের মাধ্যমে উপস্থাপন করা হবে।’ অর্থাৎ, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করেছে।
এই আদেশের ৮ অনুচ্ছেদে আরও বলা হয়েছে, ‘নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই একই অনুষ্ঠানে তফসিল-১ অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং সেই শপথপত্রে স্বাক্ষর করবেন।’ কিন্তু বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এই ঘটনায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে, যা শুরুতেই একটি বিরোধের জন্ম দিয়েছে। আমরা আশা করি, এই জটিলতা সৃষ্টি না করে দ্রুত এর সমাধান করা হবে। এমনিতেই আমাদের অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা একই জাতি হওয়া সত্ত্বেও বহুমাত্রিক বিভেদ আমাদের মাঝে বিদ্যমান। একটি বিভক্ত জাতি কখনো বেশি দূর এগোতে পারে না।
বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও, জাতি হিসেবে আমাদের এই সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই গণ–অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। তাঁরা স্বৈরাচারী শাসনের অবসান এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের আত্মত্যাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় অনুযায়ী এই সমস্যার সমাধান করা হবে বলে আমরা আশা করি, যা আমাদের পুরো জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। বদিউল আলম মজুমদার, অন্তর্বর্তী সরকার গঠিত সাবেক নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য।।
অভ্যন্তরীণ উড়ানে জেট ফুয়েলের দামে বড় ছাড়: প্রতি লিটারে ১৫.৬৭ টাকার হ্রাস