Published : 14 Feb 2026, 11:07 AM
ফেনী-২ (সদর) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী জয়নাল আবদীন এক সৌজন্য সাক্ষাতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বিজয়ের পর জয়নাল আবদীন মঞ্জুর সাথে সাক্ষাৎ করে মিষ্টিমুখ করেন, যা স্থানীয় রাজনৈতিক মহলে এক নতুন বার্তা দিয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ছিদ্দিক স্কয়ারে ১১-দলীয় ঐক্যের নির্বাচনী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সংসদ সদস্য জয়নাল আবদীন এসময় বলেন, ‘আমরা সরকারে গেলে নিজের এলাকার মানুষের কল্যাণে কাজ করব। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা প্রতিহিংসা বরদাস্ত করা হবে না। আমি আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের চর্চা, ন্যায়বিচার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বদ্ধপরিকর।’ এব্যাপারে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নির্বাচনে জয়লাভের পর জয়নাল ভাই আমার অফিসে এসেছিলেন। আমি তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছি।
আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে অতীতের বিভেদ দূর হয়ে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। অতীতে দেখা যেত, এক পক্ষ জিতলে অন্য পক্ষকে এলাকা থেকে বিতাড়িত করা হতো। আমরা বিএনপিকে নির্বাচনকালীন কিছু ঘটনা সম্পর্কে জানিয়েছি এবং আশা করি তারা এর সুষ্ঠু সমাধান করবে।’ মঞ্জু আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণ-অভ্যুত্থান করেছি, একসঙ্গে নিপীড়নের শিকার হয়েছি, বুলেটের আঘাত সহ্য করেছি, আহত হয়েছি এবং কারাবরণের কষ্ট ভোগ করেছি। এখন সময় নিজেদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করার। আমাদের একে অপরের প্রতি শত্রুভাবাপন্ন হওয়া উচিত নয়। আমি বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, প্রত্যেক এলাকায় সম্প্রীতি সমাবেশের আয়োজন করুন।’ সৌজন্য সাক্ষাতের সময় বিএনপির ফেনী সদর উপজেলা শাখার সদস্য সচিব আমান উদ্দিন কায়সার, জেলা কমিটির সদস্য কফিল উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
এবি পার্টির নেতাদের মধ্যে ছিলেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও খেলাফত মজলিসের জেলা সভাপতি মোজাফফর আহমদ জাফরী ও জেলা যুগ্ম সম্পাদক আজিজ উল্যাহ আহমদী প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির প্রার্থী জয়নাল আবদীন স্থানীয়ভাবে ‘ভিপি জয়নাল’ নামে পরিচিত। তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।।
কাপ্তাইয়ের জেলেদের জন্য সুখবর, কৃষি কার্ডে সহায়তা পাবেন প্রায় ২৭ হাজার পরিবার