Published : 31 Jan 2026, 07:05 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হবে ১৯ এপ্রিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম আজ শুক্রবার কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে এই তথ্য জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষাগুলো অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অভিযোগ পাওয়া যায়নি। অধ্যাপক করিম আরো বলেন, “গত বছর প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছিল ২২ জুন। আমরা প্রায় দুই মাস এগিয়ে এনেছি। এর মাধ্যমে আমরা সেশনজট কমাতে পারব।” প্রশ্নপত্রের ধরণ নিয়ে উপাচার্য বলেন, “ভর্তি পরীক্ষা কমিটি প্রতি বছর ডিনদের নিয়ে গঠিত হয় এবং তারা প্রশ্নপত্রের নকশা নির্ধারণ করে।
বিভিন্ন কারণে এবার শুধু বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) রাখা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে লিখিত পরীক্ষাও যুক্ত করা হতে পারে।” বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের মোট ২ হাজার ৮১৫টি আসনের জন্য ২ লাখ ১৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ, প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৭১ জন পরীক্ষার্থী। এর আগে, ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়, যেখানে ১ হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। শিক্ষার্থীরা গত ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পেয়েছিল। অন্যান্য ইউনিটের মধ্যে, ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ২৭ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ বিকেল সাড়ে ৪টায় ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব তত্ত্বাবধানে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষাগুলো নিয়েছে। ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।।
ডিপিডিসি প্রকল্পের বাইরে কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাস: সুইমিং পুল ও জিমসহ টুইন টাওয়ার নির্মাণ