Published : 22 Jan 2026, 01:10 PM
জীববিজ্ঞান ২য় পত্র: অধ্যায়–২সাত্তার স্যার ঘাসফড়িংয়ের বিভিন্ন আলোতে দেখার ক্ষমতা নিয়ে অর্পা ও স্বপ্নার সাথে কথা বললেন। তিনি জানতে চাইলেন, উজ্জ্বল ও মৃদু আলোতে ঘাসফড়িং কীভাবে দেখে। অর্পা উত্তর দিল, ঘাসফড়িং উজ্জ্বল আলোতে স্পষ্ট এবং মৃদু আলোতে অস্পষ্ট দেখে। স্বপ্না বলল, উজ্জ্বল আলোতে অস্পষ্ট এবং মৃদু আলোতে স্পষ্ট দেখে। প্রশ্নক. ওমাটিডিয়াম কী? খ. ওসেলাস বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে বর্ণিত আলোর ভিন্নতায় দর্শনের তারতম্য ব্যাখ্যা করো। ঘ. অর্পা ও স্বপ্নার মধ্যে কার উত্তরের সঙ্গে তুমি একমত এবং কেন? উত্তরক. ঘাসফড়িংয়ের যৌগিক চোখের প্রতিটি ষড়ভুজাকৃতির দর্শনীয় একককে ওমাটিডিয়াম বলে। খ. ঘাসফড়িংয়ের দুটি যৌগিক চোখের মাঝে তিনটি সরল চোখ থাকে, এদের ওসেলাস বলে। প্রতিটি ওসেলাস স্বচ্ছ কিউটিকল দিয়ে তৈরি লেন্স এবং আলোক সংবেদী কোষের সমষ্টি দিয়ে গঠিত। কোষগুলোতে রঞ্জক পদার্থ থাকে। ওসেলাসের নিচে মস্তিষ্কে সংবেদী স্নায়ুগুলো যুক্ত থাকে।
গ. ঘাসফড়িংয়ের মৃদু ও উজ্জ্বল আলোতে দর্শনের ভিন্নতা নিচে ব্যাখ্যা করা হলো: ১. মৃদু আলোতে তির্যক ও উল্লম্ব— উভয় রশ্মি থেকেই প্রতিবিম্ব তৈরি হয়। অন্যদিকে, উজ্জ্বল আলোতে কেবল উল্লম্ব রশ্মি থেকে প্রতিবিম্ব গঠিত হয়। ২. মৃদু আলোতে রেটিনা ও আইরিস সংকুচিত হয়। উজ্জ্বল আলোতে রেটিনা ও আইরিস প্রসারিত হয়। ৩. মৃদু আলোতে বস্তুর সম্পূর্ণ অংশের একটি অস্পষ্ট ও সামগ্রিক প্রতিবিম্ব তৈরি হয়। বিপরীতে, উজ্জ্বল আলোতে বস্তুর বিভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। ঘ. অর্পা বলেছিল, ঘাসফড়িং উজ্জ্বল আলোতে স্পষ্ট এবং মৃদু আলোতে অস্পষ্ট দেখে। আমি অর্পার উত্তরের সাথে সম্পূর্ণ একমত। এর কারণ নিচে উল্লেখ করা হলো: তীব্র বা উজ্জ্বল আলোতে দর্শন প্রক্রিয়া: উজ্জ্বল আলোতে প্রতিটি ওমাটিডিয়াম স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। উজ্জ্বল আলোতে রেটিনার কোষের রঞ্জক পদার্থ ক্রিস্টালাইন কোণের নিচে ছড়িয়ে যায়, যা একটি কালো পর্দার মতো সৃষ্টি করে।
ফলে, একটি ওমাটিডিয়াম কেবল নিজের কর্নিয়া থেকে আসা উল্লম্ব প্রতিফলিত রশ্মি গ্রহণ করে। তির্যকভাবে আসা পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের আলোকরশ্মি আইরিসের রঞ্জক পদার্থ শোষণ করে নেয়। এই প্রক্রিয়ায়, একটি ওমাটিডিয়াম বস্তুর একটি নির্দিষ্ট অংশের প্রতিবিম্ব ধারণ করে এবং বস্তুর বিভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। মৃদু বা মৃদু আলোতে দর্শন প্রক্রিয়া: মৃদু আলোতে রেটিনার রঞ্জক কণিকা সংকুচিত হয়ে কর্নিয়ার দিকে ঘন হয় এবং ক্রিস্টালাইন কোণের অধিকাংশ উন্মুক্ত হয়ে যায়। উল্লম্ব আলোকরশ্মি একটি ওমাটিডিয়ামের কর্নিয়ার ভেতর প্রবেশ করে রেটিনায় পৌঁছায়, তবে তির্যক আলোকরশ্মি একটি ওমাটিডিয়ামের উন্মুক্ত ক্রিস্টালাইন কোণের মধ্য দিয়ে পাশের ওমাটিডিয়ামের রেটিনায় পৌঁছায়। এই কারণে, প্রতিটি রেটিনা তার নিজস্ব কর্নিয়া থেকে আসা আলোকরশ্মি ছাড়াও পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের কর্নিয়া থেকেও আলোকরশ্মি গ্রহণ করে। এর ফলে, যৌগিক চোখের ওপর কোনো বস্তুর বিভিন্ন অংশের প্রতিবিম্বগুলো একে অপরের ওপর পড়ে, যা সম্পূর্ণ বস্তুটির একটি অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। সুতরাং, আলোচনার মাধ্যমে অর্পার উত্তরটি সঠিক বলে প্রতীয়মান হয়। মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
জনসাধারণের সমর্থন না থাকলে পরিস্থিতি ভিন্ন হতো: ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ