Published : 13 Mar 2026, 01:06 PM
ফেসবুকে ছড়িয়ে পড়া খবর—‘ঘুমের ওষুধ খেয়ে সংগীতশিল্পী তানজীব সারোয়ারের আত্মহত্যার চেষ্টা, এখন আইসিইউতে’—তাৎক্ষণিক উদ্বেগের সৃষ্টি করে। বিভিন্ন পেজে এমন দাবি করা হতে থাকে। গায়কের সাথে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে, এই বিষয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানান, তানজীব উচ্চ রক্তচাপের কারণে আইসিইউতে ভর্তি আছেন। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন শঙ্কামুক্ত। হাই ব্লাড প্রেশারের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।’ ফেসবুকে ছড়ানো খবরগুলোকে বিভ্রান্তিকর উল্লেখ করে সাবা সানজিদা লিখেছেন, ‘যেকোনো তথ্যের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। দয়া করে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।
আপনাদের সহযোগিতা ও প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ।’ প্রথম আলো’র সাথে কথা বলতে গিয়ে সাবা সানজিদা জানান, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গতকাল রাতে পরিস্থিতি খারাপ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি বিভাগ থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বলেন, ‘তানজীব এখনো আইসিইউতে চিকিৎসাধীন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’ ফেসবুকে ছড়ানো ভুল তথ্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গায়কের স্ত্রী জানান, তারা এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে কোনো নিশ্চিত খবর না নিয়ে কেন এসব ছড়ানো হচ্ছে, তা বোধগম্য নয়। আমরা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’ তানজীব সারোয়ার ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গানগুলোর মাধ্যমে শ্রোতাদের মাঝে পরিচিতি লাভ করেন।
তিনি একজন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। গত বছর ১১ অক্টোবর তিনি সাবা সানজিদা রহমানকে বিয়ে করেন। ২০১১ সালে তানজীব আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ ২০১১ সালে প্রকাশিত হয়। এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে ‘হৃদমোহিনী’ অ্যালবাম প্রকাশ পায়। তানজীব সারোয়ার সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানটি দিয়ে তিনি সিনেমার গান জগতে পা রাখেন।।
প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও নৃত্যের প্রবর্তনে তীব্র বিরোধিতা: খেলাফত মজলিসের গণবিক্ষোভের আহ্বান