Published : 26 Jun 2026, 04:50 PM
প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সঙ্গীত, নৃত্য এবং নাট্যকলা অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে বাংলাদেশ খেলাফত মজলিস ১৮ জুন এবং ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। এই কর্মসূচির ডাক দেওয়ার সময় দলের আমির মাওলানা মামুনুল হক এই উদ্যোগের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, চরিত্র গঠন এবং ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে বিতর্কিত সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করার চেষ্টা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তিনি এই প্রস্তাব বাতিল করে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব বৃদ্ধির দাবি জানান। মামুনুল হক আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে দেশ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের সম্মুখীন।
দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, ব্যাপক বেকারত্ব, দুর্নীতি, অর্থ পাচার এবং ব্যাংকিং খাতের অনিয়ম জনগণের দুর্ভোগ চরমে পৌঁছে দিয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় স্বার্থ, ইসলামের মূল্যবোধ এবং জনগণের অধিকার রক্ষার জন্য আদর্শভিত্তিক রাজনীতি, জাতীয় ঐক্য এবং গণ-আন্দোলনের পথই একমাত্র সমাধান। তিনি অভিযোগ করেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলোর কার্যকর সমাধানের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। প্রায় ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি এই বাজেট ভবিষ্যতে জনগণের ওপর নতুন ঋণ ও করের বোঝা চাপিয়ে দিতে পারে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মদ উৎপাদন, বিপণন ও লাইসেন্স প্রদান এবং জুয়ার উপকরণকে রাষ্ট্রীয়ভাবে সমর্থন দেওয়া গ্রহণযোগ্য নয়।
নৈতিক অবক্ষয় রোধ করতে সরকারকে অবিলম্বে মদ, জুয়া এবং সামাজিক পচন সৃষ্টিকারী সকল কার্যকলাপ বন্ধ করতে হবে। বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং মাওলানা শরীফ সাইদুর রহমান প্রমুখ। এই আলোচনা পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।।
স্মৃতি ও পলাশের সম্পর্কে নতুন মোড়? পলকের সঙ্গে মান্ধানার বাবার সাক্ষাৎ!