Published : 18 Feb 2026, 09:06 PM
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল বরিশালে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। বুধবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা ভোটগ্রহণের দিনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরেন। পর্যবেক্ষক আলেঙ্কা সার্নে জানান, এই সংসদ নির্বাচন ছিল অত্যন্ত নির্ভরযোগ্য এবং সুষ্ঠুভাবে পরিচালিত। তাঁদের মতে, এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং আইনের শাসনকে পুনরুদ্ধার করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচনটি সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল, যেখানে জনগণের মৌলিক অধিকারকে সম্মান জানানো হয়েছে। আলেঙ্কা সার্নে আরও বলেন, নির্বাচনের জন্য যে আইন ও নিয়মকানুন ছিল, তা আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীনভাবে এবং স্বচ্ছতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেছে, যা সকলের আস্থা অর্জনে সহায়ক হয়েছে।
এর ফলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। দুই পর্যবেক্ষক জানান, নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। রাজনৈতিক দলগুলোর এজেন্টদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করেছে। এছাড়াও, রিটার্নিং অফিসারদের মাধ্যমে নিয়মিত ফলাফল প্রকাশ এবং গণমাধ্যমে তা প্রচার জনমনে আস্থা তৈরি করেছে। তবে, তাঁরা একটি বিষয়ে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অবাধ ও পূর্ণাঙ্গ অংশগ্রহণের সুযোগ সব ক্ষেত্রে নিশ্চিত করা যায়নি, যা ভবিষ্যতে বিশেষভাবে বিবেচনা করা উচিত।
তাঁরা জানান, গত বছরের শেষ দিক থেকে তাঁরা বাংলাদেশে রয়েছেন এবং নির্বাচনের দিন মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক মাঠে কাজ করেছেন। পর্যবেক্ষক দলটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। তাঁরা ৬৪টি জেলায় স্থানীয়ভাবে নির্বাচন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান, প্রাক্তন সভাপতি সুশান্ত ঘোষ, প্রাক্তন যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক জিয়াউল করিম, বিধান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বরিশাল নগর কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্তসহ নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।।
মেঘনার কালবৈশাখী: বাবা ও ছেলের লাশসহ ৩ জেলের দাফনকার্য সম্পন্ন