Published : 27 Jun 2026, 07:39 PM
পাঁচ দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) ফাইনালে জয় করে নিউইয়র্কের ‘নিউইয়র্ক নিকস’ দল। এই ঐতিহাসিক বিজয়ের উল্লাস প্রকাশের কেন্দ্রবিন্দুতে তৈরি হয় নিউইয়র্কের ম্যানহাটানের মিডটাউনে এক তীব্র সহিংস পরিস্থিতি। স্থানীয় সময় গত শনিবার রাতে দলের হাজারো উন্মত্ত ভক্তরা রাস্তায় নেমে উল্লাস শুরু করলে তা দ্রুত সহিংসতায় রূপ নেয়। এই সময় টাইমস স্কোয়ারে এক কিশোর গুলিবিদ্ধ হয় এবং বিশ্বকাপের দর্শক নামিয়ে ফেরা কিছু বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৯৭৩ সালের পর নিউইয়র্ক নিকসের এই অভাবনীয় পারফরম্যান্স এবং ফাইনাল জয়ের উদযাপনে বহু সমর্থক পানশালা ও খোলা মাঠ থেকে স্লোগান দিতে রাস্তায় নেমে আসেন। অনেকে আতশবাজি ও ধোঁয়ার গ্রেনেড ব্যবহার করেন। এই উন্মত্ত উল্লাসের মাঝে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচের দর্শকদের নামিয়ে ফেরা পনেরোটি শাটল বাসের একটি বহর আটকে পড়ে। শত শত তরুণ বাসের ওপর উঠে পড়েন এবং কেউ কেউ চালকের আসনে বসে পড়েন।
এক পর্যায়ে নিউইয়র্ক সিটি সরকারের ভাড়া করা হলুদ রঙের স্কুলবাসগুলোর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা দেখেন, বাসগুলো দাউ দাউ করে জ্বলছে। আরও তিনটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বাসের ওপর ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পতাকা উড়তে দেখা যায়। ব্রাজিলের ম্যাচ দেখতে আসা মরক্কো বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ইউসেফ সাব্বর (৪৯) জানান, তারা আনন্দ প্রকাশ করছেন। যদিও কিছুটা সহিংসতা দেখা যায়, তবুও পৃথিবীর সব দল জেতার ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রাত দুইটার দিকে টাইমস স্কোয়ারে উল্লাসের মাঝে ১৭ বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
ভিড়ের মধ্যে মুখ রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেলেও তাঁর আঘাতের কারণ স্পষ্ট নয়। পানশালা থেকে খেলা দেখার পর বের হওয়া পঞ্চাশোর্ধ্ব রিয়েল এস্টেট এজেন্ট ক্যারল মারিনো বলেন, মনে হচ্ছে একসঙ্গে বিশটি থার্টি ফার্স্ট নাইট উদযাপন হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ঘোড়সওয়ার পুলিশ লাঠিচার্জ শুরু করে। প্রায় দুই ঘণ্টা সংযম প্রদর্শনের পর পুলিশ সদস্যরা লাঠি উঁচিয়ে সমর্থকদের ধাওয়া করে রাস্তা পরিষ্কার করে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের রাস্তাগুলো ঘিরে ফেলা হয়। নিউইয়র্কের সমর্থক দম্পতি ডিন ও ক্রিস্টিনা স্মিরোস বলেন, ‘আমাদের জন্মের পর এই প্রথম দল এভাবে জিতল, আমরা ভীষণ খুশি।’ এর আগে ১৯৯৪ ও ১৯৯৯ সালে ফাইনালে উঠলেও যথাক্রমে হিউস্টন রকেটস ও সান আন্তোনিও স্পার্সের কাছে হেরেছিল নিউইয়র্ক নিকস।।