Published : 27 May 2026, 01:17 AM
টাঙ্গাইলে ট্রাকের মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন ক্ষেতমজুর ও শ্রমিকের প্রাণহানির ঘটনায় তাঁদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান। সিপিবি’র প্রাক্তন সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), সমিতির কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, সহসাধারণ সম্পাদক কল্লোল বণিক এবং নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও, ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম, রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে আলোচনা করেন।
রুহিন হোসেন বলেন, ট্রাক দুর্ঘটনায় ১৫ জন খেতমজুর ও শ্রমিক নিহত হয়েছেন, কিন্তু সরকারপক্ষ থেকে তাঁদের পরিবারকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে বা তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা কী হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। তিনি উল্লেখ করেন, দরিদ্র ও অসহায় মানুষ কাজের সন্ধানে রাজধানীসহ অন্যান্য বড় শহরে আসেন। রুহিন হোসেন আরও বলেন, এই শ্রমিকেরা দিনরাত কঠোর পরিশ্রম করে যা উপার্জন করেন, তা নিজেদের পরিবারের কাছে পাঠানোর জন্য কম ভাড়ার আশায় রড বোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। সরকারের যথাযথ পদক্ষেপ থাকলে তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা হতো না।সিপিবির এই নেতা সড়ক দুর্ঘটনাগুলোকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেন এবং সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ডা. ফজলুর রহমান বলেন, গতকাল দুর্ঘটনায় নিহত ১৫ জন শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়া অত্যাবশ্যক। পাশাপাশি, আহত শ্রমিকদের সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।সিপিবির নেতারা শুধু মন্ত্রীদের মৌখিক প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধ করতে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।।