Published : 04 Apr 2026, 09:04 AM
অস্ট্রেলিয়ায় শিক্ষা ও ভ্রমণ ভিসার আবেদন প্রক্রিয়া বেশ দ্রুত হয়েছে, তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনও কিছুটা সময় লাগছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, অস্থায়ী ভিসার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। নতুন তথ্য অনুসারে, শিক্ষার্থী ভিসার আবেদন গড়ে মাত্র ৩৩ দিনের মধ্যে নিষ্পত্তি হচ্ছে। অন্যদিকে, অধিকাংশ ভ্রমণ ভিসার আবেদন একদিনের মধ্যেই সম্পন্ন হচ্ছে। তবে, আবেদনকারীর দেওয়া তথ্যের সম্পূর্ণতা, অতিরিক্ত তথ্যের দ্রুত সরবরাহ এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক যাচাই-বাছাইয়ের ওপর প্রক্রিয়াকরণের সময়সীমা নির্ভরশীল।
এছাড়াও, অস্থায়ী দক্ষ কর্মী ভিসার আবেদন প্রক্রিয়াকরণে গড়ে ৮৭ দিন সময় লাগছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অসম্পূর্ণ আবেদনপত্র জমা দিলে প্রক্রিয়াকরণে বিলম্ব হতে পারে। তাই, অস্ট্রেলিয়ার বাইরে থেকে শিক্ষার্থীরা তাদের কোর্স শুরুর অনেক আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে, স্থায়ী ভিসার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সময় লাগছে। দক্ষ কর্মী হিসেবে স্থায়ী ভিসা পেতে গড়ে ৯ মাস এবং পরিবারজনসহ ভিসার জন্য প্রায় ১৭ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
সরকারি অগ্রাধিকারের ভিত্তিতে এই আবেদনগুলো মূল্যায়ন করা হয়। বিশেষ করে, আঞ্চলিক এলাকায় কর্মরত এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে নিযুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রক্রিয়াকরণের সময়সীমা নিয়মিতভাবে হালনাগাদ করা হয় এবং এটি ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন কারণের ওপর নির্ভর করে। আবেদনকারীর সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে প্রক্রিয়াকরণে বিলম্ব হওয়ার সম্ভাবনা কমে যায়।।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন