Published : 20 Jul 2026, 03:13 AM
লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা)-এর সদ্য নির্বাচিত (২০২৬–২০২৮) ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় বাফলার কার্যালয়ে সম্পন্ন হয়। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ক্যাবিনেট, নির্বাচন কমিশনের সদস্য এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই শপথ গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ার রুবিনা নাজিব নবনির্বাচিত ক্যাবিনেটকে শপথবাক্য পাঠ করান। এর ফলে সভাপতি ইলিয়াস এম শিকদার এবং সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুলের নেতৃত্বে বাফলার নতুন প্রশাসনিক কাঠামো (২০২৬–২০২৮) যাত্রা শুরু করে।
ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন সহসভাপতি দাউদ বাফাতিয়া, অর্থ সচিব রাসেল মাহমুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রতন, জনসম্পর্ক কর্মকর্তা মাসুক আল হোসাইন এবং সাংস্কৃতিক সম্পাদক সায়লা রুমি। সভাপতিত্বকালে ইলিয়াস এম শিকদার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাফলা দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক শক্তিশালী মঞ্চ হিসেবে কাজ করে আসছে। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিভেদ ভুলে সকল শক্তিকে একত্রিত করে ফেডারেশনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুল ব্যাখ্যা করেন যে, বাংলাদেশ ডে প্যারেড উদযাপনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করতে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এই নতুন ক্যাবিনেট সক্রিয় ভূমিকা নেবে। ক্যাবিনেটের অন্যান্য সদস্যরাও কমিউনিটির প্রতি তাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও আন্তরিকতার প্রতিশ্রুতি দেন।
বিদায়ী নেতারা নবনির্বাচিত দলকে অভিনন্দন জানান। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, নতুন বাফলা ক্যাবিনেট লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির স্বার্থ, ঐক্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণে আরও দায়িত্বশীল ও ফলপ্রসূ ভূমিকা রাখবে।।