Published : 16 Jul 2026, 01:15 AM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে, দল-মত নির্বিশেষে সকল মানুষকে আহ্বান জানিয়েছেন— বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে এক সুরে বাঁধা পড়ে কাজ করতে। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনটি এক গভীর তাৎপর্য বহন করে। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই সকল বীর শহীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রপতি আন্দোলন চলাকালীন আহত সাহসী তরুণ-তরুণী ও যুবসমাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যারা আজও শারীরিক কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। একই সাথে তিনি শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং জুলাইয়ের সংগ্রাম ও গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জোর দিয়ে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের সম্মিলিত ক্ষোভের এক তীব্র বিস্ফোরণ।
তিনি উল্লেখ করেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের প্রসারিত হাত ও গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে বহু তরুণ আত্মাহুতি দিয়ে আন্দোলনকে নতুন গতি ও তীব্রতা দান করে। পরবর্তীকালে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক, জেল-জুলুম এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই গণ-অভ্যুত্থানকে এক নতুন মাত্রা দেয়। রাষ্ট্রপতি বলেন, এই গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, দল বা গোষ্ঠীর অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল। তিনি স্মরণ করিয়ে দেন যে রাষ্ট্রের প্রকৃত শক্তি ও ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের এই চেতনা মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়।
রাষ্ট্রপতি অঙ্গীকার করেন যে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান-স্বীকৃতি, তাঁদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এর পাশাপাশি সমাজের ধনী-দরিদ্র, প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোরও এই সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন এবং এই দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।।