Published : 29 May 2026, 12:46 AM
কেরানীগঞ্জে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার সাম্প্রতিক ঘটনাগুলোর বিরুদ্ধে তীব্র জনমত সৃষ্টি হয়েছে। স্থানীয় বন্ধুসভার উদ্যোগে ২২ মে শাক্তা ইউনিয়নের বামুনশুর খেলার মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় খেলোয়াড়, অভিভাবক, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নিয়ে অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ এই স্লোগান পুরো এলাকা মুখরিত করে তোলে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেরানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওসার আহমেদ বলেন, “বর্তমানে শিশু ও নারীর নিরাপত্তাহীনতা সমাজের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। প্রায় প্রতিদিনই ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, এবং বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও উৎসাহিত করছে।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি শিশু নির্ভয়ে বেড়ে উঠবে এবং কোনো নারী নিরাপত্তাহীনতায় ভুগবে না। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়, সেই লক্ষ্যে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।” কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া বলেন, “শিশু ও নারীর আর্তনাদ আজ সমগ্র জাতির বিবেককে নাড়া দিচ্ছে। প্রতিটি ধর্ষণ শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, বরং এটি মানবতা ও সভ্যতার উপর একটি চরম আঘাত। আমরা আর চুপ থাকতে রাজি নই। সমাজের সকল স্তরের মানুষকে এই অন্যায় প্রতিবাদে শামিল হতে হবে।
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং রাষ্ট্র—সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। আমরা চাই, অপরাধীদের বিচার দ্রুত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে একটি শক্তিশালী বার্তা পৌঁছে যাক।” অনুষ্ঠানে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, আলবাট্রস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মোস্তফা মহসিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। ক্রীড়া সংগঠক পারভেজুর রহমান, মোক্তার হোসেন, তানভীর আহমেদ, বন্ধুসভার শামসুজ্জামান অন্তু, মোহনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা।
নওগাঁয় কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে সমবায় সমিতি, গ্রাহকদের রাস্তায় অবরোধ