Published : 20 Apr 2026, 01:06 PM
ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিস্ফোরণকে গভীর দুঃখজনক বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগরে এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের আপনজনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এক্সে লেখেন, ‘বিরুধুনগরের কাট্টানাপট্টিতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে বহু মানুষের জীবনহানি ঘটেছে।
এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আমি সম্মানিত মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রন এবং থাঙ্গাম থেন্নারাসুকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ত্বরান্বিত করতে, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি।’ স্ট্যালিন আরও জানান, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি ডিস্ট্রিক্ট কালেক্টরের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের জন্য সমন্বয় সাধনের নির্দেশ দিয়েছি।’ স্থানীয় প্রশাসনের ধারণা, রাসায়নিক দ্রব্য মেশানোর সময় অসাবধানতার কারণে এই বিস্ফোরণটি ঘটতে পারে। পুলিশের তথ্য অনুযায়ী, কাট্টানাপট্টির ঐ আতশবাজি তৈরির কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক নিয়মিত কাজ করতেন। কাজ চলাকালীন হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার চারটি কক্ষ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে।
বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল বলে জানা গেছে। বিস্ফোরণের পর পার্শ্ববর্তী শিবকাশী, সাতুর, বিরুধুনগরসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা করেছে এবং বিস্ফোরণের কারণ ও কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে।।
ককটেল তৈরির স্থানে মর্মান্তিক মৃত্যু, এরপরই নতুন বিস্ফোরণ: জাজিরার বুকে আতঙ্ক