Published : 23 Apr 2026, 09:04 PM
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের পদের জন্য দীর্ঘদিনের শূন্যতা দূর করতে অবশেষে নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বর্তমানে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ২ হাজার ৮৪২টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের উত্তরে মন্ত্রী এই তথ্য জানান। শিক্ষক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে এবং শূন্য পদগুলোর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব পাঠানো হয়েছে।
খুব শীঘ্রই এই নিয়োগ সম্পন্ন করার জন্য সরকার বদ্ধপরিকর। অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং আলিয়া মাদ্রাসার শিক্ষক সংকট নিরসনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মন্ত্রী জানান, এনটিআরসিএ-এর মাধ্যমে ধাপে ধাপে এই শূন্য পদগুলো পূরণ করা হবে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। মাদ্রাসাশিক্ষার বিষয়ে মন্ত্রী জানান, দেশে ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা রয়েছে।
সরকারি আলিয়া মাদ্রাসায় ১১৪টি পদ এবং এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় সুপারিনটেনডেন্টের ১ হাজার ৩৫৪টি ও সহকারী সুপারিনটেনডেন্টের ১ হাজার ৭৭৭টি পদ শূন্য রয়েছে। এনটিআরসিএ-এর মাধ্যমে এই পদগুলো পূরণের প্রক্রিয়া চলছে।।