Published : 05 Aug 2026, 05:16 PM
নিজের বিবাহ অনুষ্ঠানে জন্মদাত্রী মাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কর্মীর যুক্তি ছিল, মায়ের শারীরিক রূপ নিয়ে অতিথিদের সামনে লজ্জিত হওয়ার ভয়। এই ঘটনায় চীনের একটি প্রতিষ্ঠানের প্রধান এই শাস্তিমূলক ব্যবস্থা নেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, চীনের হেনান প্রদেশের এক ক্রেন প্রস্তুতকারী সংস্থার প্রধান চুই পেইজুন কর্মীদের মোটা অঙ্কের বোনাস দিয়ে 'চীনের সবচেয়ে উদার বস' হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি জানান, কর্মীর বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখেন যে বরের বৃদ্ধা মা উপস্থিত নেই; তিনি কারখানার পাশে একা বসে আছেন। সন্দেহ হলে প্রশ্ন করা হলে কর্মী জানান, তিনি মাকে আমন্ত্রণ জানাননি, কারণ মায়ের সাধারণ চেহারা অতিথিদের অস্বস্তিতে ফেলতে পারে বলে তিনি ভেবেছিলেন।
এই কথা শুনে প্রতিষ্ঠানপ্রধান অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি কর্মীকে স্মরণ করিয়ে দেন যে শৈশবে বাবা চলে যাওয়ার পর এই মা একা তাঁকে মানুষ করেছেন। এই মানবিক দিকটি সামনে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে কর্মীকে বরখাস্ত করেন। পরবর্তীতে কর্মী ক্ষমা চেয়ে চাকরি পুনরুদ্ধারের জন্য আবেদন করলেও চুই পেইজুন তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেননি। তবে, বরখাস্তের পরেও প্রতিষ্ঠানপ্রধান নিশ্চিত করেন যে বৃদ্ধ মায়ের আর্থিক নিরাপত্তা সুরক্ষিত থাকবে। তিনি ওই নারীকে নিজের প্রতিষ্ঠানের রসদ (লজিস্টিকস) বিভাগে নিয়োগ দেন এবং ছেলের সমপরিমাণ বেতন নিশ্চিত করেন।
এই পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়। অনেকে বসের মানবিক মূল্যবোধের প্রশংসা করেছেন। তাদের মতে, মা-বাবার প্রতি কৃতজ্ঞতাহীন কোনো কর্মী প্রতিষ্ঠানে থাকার যোগ্য নন। অন্যদিকে, অন্যেরা মনে করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে কর্মীকে বরখাস্ত করা শ্রম আইনের পরিপন্থী এবং একজন মালিকের নৈতিক বিচারক হওয়া উচিত নয়।।