Published : 27 Apr 2026, 01:06 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহের উদ্ধারের পর, প্রায় ৩৫ কিলোমিটার দূরে (২২ মাইল) আরেকটি দেহখণ্ড পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল রবিবার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফ্লোরিডার পিনেলাস কাউন্টি থেকে এই দেহখণ্ডটি উদ্ধার করা হয়েছে। হিলসবরো ও পিনেলাস কাউন্টি শেরিফের যৌথ অভিযানে ইন্টারস্টেট ২৭৫ এবং ৪ নম্বর স্ট্রিট নর্থ–সংলগ্ন জলাশয় থেকে এটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অংশটি কার, তা নিশ্চিত করার জন্য ফরেনসিক পরীক্ষা চলছে। এটি নারী নাকি পুরুষের দেহাবশেষ, তা এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশের ধারণা, যেভাবে লিমনের মরদেহের স্থানান্তর করার চেষ্টা করা হয়েছিল, বৃষ্টির মরদেহের ক্ষেত্রেও একই চেষ্টা করা হয়ে থাকতে পারে। এই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে উদ্ধার হওয়া দেহাবশেষের মিল আছে কিনা, তা গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ফ্লোরিডার টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। তাঁদের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ গত শুক্রবার উদ্ধার করা হয়। এই ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃষ্টি ও লিমনের মধ্যে শীঘ্রই বিয়ের পরিকল্পনা ছিল বলে জানা গেছে। বৃষ্টির ভাই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন যে, তাঁর বোন বৃষ্টিও আর বেঁচে নেই, তবে এখনো তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টির মরদেহের সন্ধান পাওয়া যাবে।।
দুর্ঘটনায় প্রাণ হারালেন ট্রাক চালক ও সহকারী; বিকল ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন তারা