Published : 04 Apr 2026, 03:07 AM
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশি নারী নীলুফার ইয়াসমিন। ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে কর্মরত অবস্থায় তিনি এই মর্মান্তিক শিকার হন। ঘটনার পরপরই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। নীলুফার ইয়াসমিন (৪৮) ছিলেন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের একজন ক্যাশিয়ার। দোকানের মালিক মোহাম্মদ শিপু জানান, তিন মাস আগে তিনি এই প্রতিষ্ঠানে যোগ দেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। দুই কন্যাসন্তান রয়েছে তার, যাদের বয়স ১৬ ও ২০ বছর।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৩১শে মার্চ সকাল ১০টার দিকে রোলবার্ট জোয়াচিন (৪০) এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করেন। তিনি ইংরেজিতে বলেন, ‘তোমার মেশিন আমার টাকা কেড়ে নিয়েছে, টাকা দাও।’ নীলুফার তাকে জানান, সম্ভবত তিনি ভুল পিন নম্বর দিয়েছেন, এবং এটিএম মেশিনের দায় তার নয়। এরপর লোকটি চলে যায়। আরিফ আহমেদ আরও জানান, গত ২রা এপ্রিল, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায়, ফজরের নামাজ শেষে নীলুফার গাড়ি ভাঙার শব্দ শুনতে পান। তিনি দোকানের বাইরে এসে জানতে চান, “আপনি কী করছেন?” তখন রোলবার্ট জোয়াচিন “আমাকে আমার টাকা দাও” বলে চিৎকার করে নীলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের সামনে রোলবার্ট প্রথমে নীলুফার ইয়াসমিনের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন।
এরপর নীলুফার দোকান থেকে বের হয়ে এলে তিনি হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের (ইএমএস) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ফোর্ট মায়ার্স পুলিশ তাদের ওয়েবসাইটে এবং সামাজিক মাধ্যমে রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তারের খবর জানায়। পুলিশ অপরাধী সম্পর্কে আরও তথ্য জানতে জনসাধারণের কাছে আবেদন করেছে। জানা গেছে, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।।
ইয়াবা সেবনের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার