Published : 27 Jun 2026, 02:51 PM
বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারার অধীনে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব গ্রহণ করবেন। এই পদক্ষেপের ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে উপস্থিত হন।
বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে ব্যাংকটির চলমান আর্থিক চাপ এবং তারল্যের সমস্যা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। চেয়ারম্যান নিয়োগ ঘিরে সৃষ্ট অস্থিরতা এবং আস্থাহীনতার কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক টাকা উত্তোলনে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রসঙ্গত, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন এবং একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।
তবে এই নতুন নেতৃত্ব আসার পর থেকেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের একটি বড় অংশ ক্ষুব্ধ। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসানোর ফলে ব্যাংকের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তারা দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে।।