Published : 20 Apr 2026, 09:05 AM
আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। সকাল ৬টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার দিকে রওনা হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম জেলা সফর। তাঁর স্ত্রী জুবাইদা রহমান এই সফরে তাঁর সঙ্গী। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় জেলা জজ আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একইসঙ্গে ই-বেইলবন্ড (অনলাইন জামিননামা) কার্যক্রমের উদ্বোধন করবেন।
বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে পৌঁছে তিনি ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এরপর সড়কপথে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে বেলা পৌনে একটায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। বেলা দেড়টায় বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা পৌনে দুইটায় বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খালের খননকাজ শুরু করবেন তিনি। বেলা আড়াইটায় পৈতৃক ভিটা জিয়াবাড়ি ঘুরে দেখে সড়কপথে বগুড়ার দিকে রওনা হবেন। বিকাল চারটায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা পৌনে ছয়টায় তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। এছাড়াও, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন তিনি। সন্ধ্যা ছয়টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফেরার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) তিনি যাত্রাবিরতি করবেন।।
বিশ্বকাপের পথে আইমান হুসেইনের পথে সাত ঘণ্টার জিজ্ঞাসাবাদ: বিমানবন্দরে উত্তেজনার চিত্র