Published : 05 Apr 2026, 01:09 PM
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি প্রিয় উট ছিল, যা কেবল তাঁর যাতায়াতের মাধ্যম নয়, বরং নবুয়তের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর নীরব সাক্ষী। হিজরত থেকে শুরু করে মক্কা বিজয়ের মতো ঐতিহাসিক ঘটনাগুলোতে এই উটটি অবিচ্ছেদ্যভাবে জড়িত ছিল। সিরাত ও হাদিসের গ্রন্থগুলোতে ‘কাসওয়া’ নামের এই উটটির কথা অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে। এটি ছিল নবীজির সবচেয়ে বিখ্যাত উট। তবে কিছু বর্ণনায় ‘আদবা’ ও ‘জাদআ’ নামের উটেরও কথা পাওয়া যায়, যা হয়তো কাসওয়ারই ভিন্ন নাম। আরবি ভাষায় ‘কাসওয়া’ শব্দের অর্থ দাঁড়ায় ‘কানের অগ্রভাগ কাটা’। তবে অধিকাংশ গবেষকের মতে, নবীজির উটটির কান প্রকৃতপক্ষে কাটা ছিল না। বরং এর ক্ষিপ্র গতি ও আভিজাত্যের কারণে রূপকভাবে এই নামে ডাকা হতো। (ইবনে হাজার আসকালানি, ফাতহুল বারি, ৬/৬৯, দারুল মারিফাহ, বৈরুত, ১৩৭৯ হিজরি)। কথিত আছে, কাসওয়া চলতে চলতে মদিনার একটি নির্জন স্থানে গিয়ে স্থির হয়ে বসেছিল।
পরবর্তীতে সেই স্থানেই নির্মিত হয় মসজিদে নববী। এই ঘটনাটি প্রমাণ করে, কাসওয়ার প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহ্র ইচ্ছার অধীন। হোদাইবিয়ার সন্ধির সময়ও কাসওয়ার অলৌকিক আচরণ দেখা যায়। মক্কার কাছাকাছি পৌঁছানোর পর উটটি হঠাৎ থেমে যায় এবং আর নড়াচড়া করতে চায় না। সাহাবিরা যখন এর কারণ জানতে চান, নবীজি (সা.) বলেন, “কাসওয়া ক্লান্ত নয়, এটি তার স্বভাবও নয়। বরং তাকে সেই সত্তা রুখে দিয়েছেন, যিনি হস্তিবাহিনীকে মক্কা থেকে ফিরিয়ে দিয়েছিলেন।” (সহিহ বুখারি, হাদিস: ২৭৩১)। সাহাবিদের কাছে কাসওয়া ছিল অত্যন্ত প্রিয় ও বরকতময়। তাঁরা এটিকে নিছক একটি পশু হিসেবে দেখতেন না, বরং আল্লাহর নির্দেশের বাহক এবং নবীজির ছায়াসঙ্গী হিসেবে সম্মান করতেন। নবীজি (সা.)-এর দয়া ও সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল কাসওয়ার প্রতি তাঁর আচরণ।
তিনি কাসওয়ার খাবার ও আরামের দিকে বিশেষ খেয়াল রাখতেন এবং সফরের ক্লান্তি অনুভব করতেন। হাদিসে বর্ণিত আছে, নবীজির ইন্তেকালের পর কাসওয়া গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। নবীজির বিয়োগব্যথা সহ্য করতে না পেরে উটটি খাবার ও পানি গ্রহণ বন্ধ করে দেয় এবং কয়েকদিন পর মারা যায়। (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ১/৪৯৬, দারু সাদির, বৈরুত, ১৯৬৮)। বদরের যুদ্ধেও নবীজি (সা.) এই উট ব্যবহার করে ময়দানে পরিদর্শণ করেছিলেন। কাসওয়ার জীবন থেকে মুসলিম উম্মাহর জন্য শিক্ষা হলো, আল্লাহ্র সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখা। নবীজির জীবনযাত্রার প্রতিটি ক্ষুদ্র বিষয় কতটা গুরুত্বপূর্ণ, কাসওয়ার ইতিহাস তারই এক উজ্জ্বল উদাহরণ।।
ইরানের সাথে সংঘাত এড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: একা লড়তে হতে পারে