Published : 19 Mar 2026, 09:08 PM
বিখ্যাত ব্রিটিশ সাপ্তাহিক ‘দ্য ইকোনমিস্ট’-এর মালিকানায় বড় পরিবর্তন এসেছে। কানাডার প্রভাবশালী ধনী স্টিফেন স্মিথ এই সাময়িকীর মূল প্রতিষ্ঠান ‘ইকোনমিস্ট গ্রুপ’-এর ২৬.৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। প্রায় ১৮৩ বছরের ইতিহাসে এই ধরনের পরিবর্তন তৃতীয়বারের মতো ঘটল।স্মিথ এবং তাঁর পারিবারিক বিনিয়োগ সংস্থা ‘স্মিথ ফাইন্যান্সিয়াল কর্পোরেশন’ এই শেয়ারগুলো কিনেছে। এই সংস্থার অধীনে রয়েছে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও প্রভাবশালী পরামর্শক সংস্থা ‘গ্লাস লুইস’। যদিও এই লেনদেনের আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। ‘দ্য ইকোনমিস্ট গ্রুপ’ (টিইজি) বিশ্বজুড়ে সুপরিচিত ‘দ্য ইকোনমিস্ট’ ম্যাগাজিনের প্রকাশক। এছাড়াও এই গ্রুপের ‘১৮৪৩’ নামের একটি ডিজিটাল প্রকাশনা এবং একটি বিজনেস ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে। গেল ২০২৫ সালের মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, এই গ্রুপ ৩৬ কোটি ৯০ লক্ষ পাউন্ড আয় করেছে এবং খরচ বাদ দিয়ে ৪ কোটি ৮০ লক্ষ পাউন্ড মুনাফা অর্জন করেছে। একই সময়ে ‘দ্য ইকোনমিস্ট’-এর গ্রাহক সংখ্যা ৩ শতাংশ বেড়ে ১২ লক্ষ ৫০ হাজারে পৌঁছেছে।
এই চুক্তিটি কার্যকর করতে ‘ইকোনমিস্ট গ্রুপ’-এর পরিচালনা পর্ষদ এবং চারজন স্বতন্ত্র ট্রাস্টির অনুমোদন প্রয়োজন হবে। এই ট্রাস্টিরা ‘দ্য ইকোনমিস্ট’-এর সম্পাদকীয় নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার দায়িত্বে রয়েছেন।গোষ্ঠীর একজন মুখপাত্র জানিয়েছেন, এই বিনিয়োগের মাধ্যমে স্টিফেন স্মিথ ‘দ্য ইকোনমিস্ট’-এর দীর্ঘদিনের সম্পাদকীয় স্বাধীনতার প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। এর ফলে এই সাময়িকীর কৌশল ও কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না। ‘ইকোনমিস্ট গ্রুপ’-এর অন্য একজন মুখপাত্র বলেন, “আমরা নিশ্চিত করছি যে, স্টিফেন স্মিথ এবং তাঁর সংস্থা ‘স্মিথ ফাইন্যান্সিয়াল’ লিন ফরেস্টার ডি রথচাইল্ড, তাঁর পরিবার এবং পারিবারিক ফাউন্ডেশনের কাছ থেকে ২৬.৯ শতাংশ শেয়ার কেনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।”ফরেস্টার ডি রথচাইল্ড, তাঁর পরিবার এবং ফাউন্ডেশন ২০০২ সাল থেকে ‘ইকোনমিস্ট গ্রুপ’-এর শেয়ারের মালিক ছিলেন। গত অক্টোবরে রথচাইল্ড পরিবার তাঁদের শেয়ার বিক্রির জন্য ‘ল্যাজার্ড’ নামক একটি আর্থিক পরামর্শক সংস্থাকে নিয়োগ করে। এই বিক্রিত শেয়ারের মধ্যে প্রায় ২০ শতাংশ ভোটাধিকারও অন্তর্ভুক্ত ছিল।এই প্রতিষ্ঠানের মালিকানা কাঠামো বেশ জটিল। বর্তমানে বিভিন্ন পারিবারিক প্রতিষ্ঠান, বর্তমান ও প্রাক্তন কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা মিলিয়ে প্রায় ১ হাজার শেয়ারহোল্ডার রয়েছেন।
স্টিফেন স্মিথ রথচাইল্ড পরিবারের কাছ থেকে সাধারণ শেয়ারের পাশাপাশি বিশেষ ‘এ’ শ্রেণির শেয়ারও কিনছেন। এর ফলে পরিচালনা পর্ষদের সদস্য নিয়োগের ক্ষেত্রে তিনি মতামত দেওয়ার সুযোগ পাবেন।ইতালির আগনেলি পরিবারের বিনিয়োগ সংস্থা ‘এক্সের’ এই গ্রুপের ৪৩.৪ শতাংশ শেয়ার রয়েছে, যার মধ্যে সবগুলোই বিশেষ ‘বি’ শ্রেণির শেয়ার। এছাড়াও ট্রাস্টিদের হাতেও কিছু শেয়ার রয়েছে। ‘দ্য ইকোনমিস্ট’-এর সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার জন্য নির্দিষ্ট কিছু কর্পোরেট কর্মকাণ্ডে এই ট্রাস্টিদের সম্মতির প্রয়োজন হয়।কোনো একক শেয়ারহোল্ডার বা শেয়ারহোল্ডারদের জোট সম্মিলিতভাবে মোট ভোটাধিকারের ২০ শতাংশের বেশি ব্যবহার করতে পারবে না। এর ফলে কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ নেই।।