Published : 02 Aug 2026, 04:16 PM
ছবি: সংগৃহীতসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে ঢাকার পুলিশ কর্তৃপক্ষ আজ (২ আগস্ট) স্পষ্ট জানিয়েছে যে, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীরের জামিন আবেদন মঞ্জুর করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানা যায়। এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন টিবিএসকে বলেন, 'আমাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই।
বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাতে পারবে।' তথ্যসূত্র অনুযায়ী, দুবাইয়ের আদালত বেনজীরের মুক্তির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে। এর মধ্যে রয়েছে তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। অর্থাৎ, জামিনে মুক্তি পেলেও তার দেশত্যাগে বিধিনিষেধ বহাল রয়েছে। মুক্তি সংক্রান্ত তথ্য সূত্রে আরও জানা যায়, বেনজীরকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ-সম্পর্কিত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয় এবং বিচারক শর্ত সাপেক্ষে মুক্তি দেন।
তবে দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। উল্লেখ্য, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার বিচারিক কার্যক্রম বর্তমানে বাংলাদেশে চলমান রয়েছে।।
দুবাই জেল থেকে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, শর্ত সাপেক্ষে জামিন