Published : 09 Jul 2026, 08:26 AM
চীনের এক আদালত সাবেক সরকারি কর্মকর্তা ইয়াং ইউলিনকে ৩০ বছরের বেশি সময় ধরে ২.২ বিলিয়ন ইউয়ান (৩২৫ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। এই কর্মকর্তা নানজিং শহরে ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করতেন। শুধু ঘুষ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; তিনি তহবিল তছরুপ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের মতো গুরুতর অপরাধেও দোষী প্রমাণিত হয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে এত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ চীনে আর কারো কাছে পাওয়া যায়নি। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ৬৯ বছর বয়সী ইয়াং নিজের পদের সুবিধা নিতে মোটা অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান উপহারের বিনিময়ে বহু ব্যক্তিকে প্রকৌশল চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের সুযোগ করে দিতেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে দেশজুড়ে চলা কঠোর দুর্নীতিবিরোধী অভিযানের সময় তিনি ধরা পড়েন। এই শুদ্ধি অভিযান সামরিক বাহিনী থেকে শুরু করে ব্যাংকিং সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নাড়িয়ে দিয়েছে।
ইয়াংয়ের কর্মজীবনের বেশিরভাগ সময় নানজিং শহরের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে নিয়োজিত ছিল। সোমবার চাংঝৌ আদালতের বক্তব্য অনুযায়ী, ইয়াংয়ের অপরাধ ছিল 'ভয়াবহ গুরুতর'। তার এই দুর্নীতি রাষ্ট্র ও সাধারণ মানুষের স্বার্থে অপূরণীয় ক্ষতি করেছে। ক্ষমতায় আসার পর থেকেই শি জিনপিং একের পর এক দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আসছেন। সমালোচকদের মতে, তিনি রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার হাতিয়ার হিসেবে এই অভিযানগুলো ব্যবহার করছেন। চীনে সাধারণত হোয়াইট কলার অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তবে যখন দুর্নীতির পরিমাণ ১ বিলিয়ন ইউয়ানের সীমা অতিক্রম করে, তখন এই শাস্তি দেওয়া হয়।
উদাহরণস্বরূপ, সাবেক অর্থ-কর্মকর্তা লাই জিয়াওমিনের ১০ বছর ধরে ১.৮ বিলিয়ন ইউয়ান ঘুষ নেওয়ার অপরাধে ২০২১ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই পরিণতি হয়েছে ইনার মঙ্গোলিয়ার সাবেক সরকারি কর্মকর্তা লি জিয়ানপিংয়ের ক্ষেত্রেও, যিনি তহবিল তছরুপ ও ঘুষ মিলিয়ে মোট ৩ বিলিয়ন ইউয়ান গ্রহণ করেছিলেন এবং ২০২৪ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও অনেক ক্ষেত্রে আদালত কারাদণ্ড বা স্থগিত মৃত্যুদণ্ড দিয়ে থাকে, যা নির্দিষ্ট সময় পর যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। আদালত আরও বলেছে, ইয়াংয়ের অপরাধ এতটাই 'গুরুতর' যে তদন্তে তার সহযোগিতা সাজা কমানোর জন্য কোনোভাবেই যথেষ্ট নয়। ইয়াং নিজেও নিজের অপরাধ স্বীকার করে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন।।
অর্থ মন্ত্রকের নতুন নির্দেশ: সরকারি অর্থ ব্যয়ে গাড়ি কেনা ও বিদেশ সফর আপাতত স্থগিত