Published : 09 Jul 2026, 07:38 AM
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারইপুরে ১২ বছরের এক শিশুর ধর্ষণ ও হত্যার অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এবং পুলিশের যান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এই উত্তেজনার মধ্যেই উত্তেজিত জনতা এক সন্দেহভাজন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সূর্যপুর হাটে ওই শিশুটি খাবার কিনতে গেলে চারজন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরিবার নিখোঁজ মামলা করলেও পুলিশ শিশুটির সন্ধান পায়নি। রবিবার সকালে মেয়েটির বাড়ির কাছের একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়।
এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। সর্বস্তরের মানুষ জড়ো হয়ে শিশুটির দেহ জাতীয় সড়কে রেখে বিক্ষোভ শুরু করে এবং রাস্তাগুলিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে। পাশাপাশি শিয়ালদহ-নামখানা রুটের ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষ থামাতে গিয়ে কিছু পুলিশ সদস্যও আহত হন। পরিস্থিতি সামাল দিতে আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) শঙ্কর প্রসাদ বারুই ঘটনাস্থলে যান। তিনি মাইকে ঘোষণা করে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন এবং অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দেন।
তিনি স্পষ্ট জানান, কোনো অপরাধীকে আইনের ফাঁক দিয়ে বাঁচানো হবে না। বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতা এক সন্দেহভাজন ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর করে, যার ফলে গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও অস্থিরতা বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্তে বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের (অ্যাডিশনাল এসপি) নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত শিশুর বাবার সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, মঙ্গলবার কলকাতার ভবানী ভবনে (সিআইডির প্রধান কার্যালয়) নিহত শিশুর বাবার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।।
খালেদা জিয়ার মামলায় জাল নথি ও মিথ্যা সাক্ষ্যের অভিযোগে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার গ্রেপ্তার