Published : 18 Jun 2026, 06:40 AM
‘নতুন নাটক নতুন সময়—মঞ্চে জাগুক মানুষের কথা’ এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ শুক্রবার থেকে আট দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬’ যাত্রা শুরু করেছে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে এই উৎসবটি আগামী ১৯ জুন পর্যন্ত চলবে। এর মূল লক্ষ্য হলো দেশীয় নাট্যসংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার এবং সংরক্ষণের মাধ্যমে শিল্প ও সংস্কৃতিকে আরও বিস্তৃত করা। উৎসবের সূচনা উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, সংস্কৃতি ক্ষেত্রে নতুন সৃষ্টিশীলতা তৈরি করা এবং গণমানুষকে সম্পৃক্ত করাই আমাদের প্রচেষ্টা। তিনি উল্লেখ করেন, সত্তর ও আশির দশকে নাটকের মঞ্চায়ন থাকলেও বর্তমানে তা কিছুটা স্থবির। এই উৎসবের মাধ্যমে নাটককে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং সামাজিক অবক্ষয় দূর করতে নাটকের ভূমিকা তুলে ধরা হয়। নাটক মানুষকে বেঁচে থাকার এবং এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়, এবং আমরা চাই দর্শকরা এসে মঞ্চনাটক দেখুক ও তার সমালোচনা করুক।
সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন জানান, গণমাধ্যমের সহযোগিতায় এই আয়োজন সবার কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। তিনি জানান, শুক্রবার বিকেল চারটায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসরাফিল শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। আট দিনব্যাপী এই উৎসবে মোট আটটি ভিন্ন ভিন্ন নাটক মঞ্চস্থ হবে।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে দিনাজপুর নাট্য সমিতির ‘চোরের নাম চরণদাস’। এর পাশাপাশি পর্যায়ক্রমে মঞ্চায়িত হবে বান্দরবানের ইয়াং বংহুং থিয়েটারের ‘রিনা প্লুং’, দৃশ্যকাব্যের ‘ইডিপাস’, হান্ট থিয়েটারের ‘ক্যাফে দ্য ভলতে’, প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’, ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’, সিলেটের নাট্যায়নের ‘মহাকালের অন্তর্যাত্রা’ এবং সমাপনী দিনে যশোরের শব্দ থিয়েটারের নাটক ‘দ্য গ্রেট স্মাগলার’। জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাতটায় এই নাটকগুলো প্রদর্শিত হবে। উৎসবের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে ‘বাংলা নাটকের গান’ পরিবেশিত হবে, যেখানে ঢাকা ও ঢাকার বাইরের আটটি দল অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে আলেয়া বেগম ও আলমাস সরকারের দল (মানিকগঞ্জ), পদাতিক নাট্য সংসদ টিএসসি, ভৈরবী গীতরঙ্গ দল, থিয়েটার সার্কেল (মুন্সিগঞ্জ), তীরন্দাজ রেপার্টরি, আরণ্যক নাট্যদল, বটতলা এবং উদীচী নাট্য বিভাগ। এছাড়াও, ১৫ থেকে ১৯ জুন জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মশালায় সর্বোচ্চ ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।।
অনলাইন জুয়া ও হুন্ডির চক্রের বিরুদ্ধে বড় পদক্ষেপ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ