Published : 24 May 2026, 09:15 PM
রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত জিএসএফ স্কিম সেংআ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মমিনপুর খ্রিষ্ট জাগরণী ফুটবল ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তারা রানার্সআপ ‘মৃ দ্য কিং অব মাহারি’ দলকে পরাজিত করে। শনিবার বিকেলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) কর্তৃক আয়োজিত এই দুই দিনের টুর্নামেন্টে দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মোট ২২টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।
তৃতীয় স্থান অর্জন করে ‘ভিআইপি গজনি’ দল, যারা ১৫ হাজার টাকা পুরস্কার পায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ‘খেলাধুলায় জয়-পরাজয় স্বাভাবিক, তবে সকলের অংশগ্রহণই মুখ্য। খেলাধুলা আমাদের মধ্যে সহানুভূতি, আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে, যা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য।’ প্রতিমন্ত্রী আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের প্রত্যন্ত অঞ্চলের উদীয়মান খেলোয়াড়দের জন্য কাজ করছে এবং রাঙামাটি, মধুপুর ও ময়মনসিংহের ধোবাউড়া-কলসিন্দুর অঞ্চলের ক্রীড়া প্রতিভাদের বিকাশে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
শীঘ্রই এই অঞ্চলগুলোতে দুটি নতুন বিকেএসপি (BKSP) প্রতিষ্ঠার কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমিনুল হক ক্রীড়াপ্রেমী ও মানবতাবাদী একটি বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। জিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রলয় নকরেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দি খ্রিস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’–এর চেয়ারম্যান মাইকেল জন গমেজ, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি শুক্কুর মাহমুদ এবং ঢাকা ওয়ানগালার প্রাক্তন নকমা সুকলেশ নকরেক।।
ডিজিটাল ফাঁদ ও মানব পাচার: নতুন কৌশলের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা