Published : 17 May 2026, 03:07 PM
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী পাঁচ বছরে দেশের আইসিটি সেক্টরে প্রায় দশ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হবে। তিনি বলেন, বর্তমান সরকার টেলিকম খাতকে আধুনিকীকরণ, বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলা এবং ভবিষ্যতের উপযোগী করে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) কর্তৃক আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল বৈষম্য দূর করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও দ্রুতগতির ইন্টারনেট এবং প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে সরকার বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে বিনামূল্যে ওয়াই-ফাই জোন তৈরি, টেলিকম অবকাঠামোর উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সরকার টেলিকম খাতে স্থিতিশীল নীতি, নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে কাজ করছে।
৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি এবং ক্লাউডভিত্তিক পরিষেবাগুলোর প্রসারে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আধুনিকীকরণের মাধ্যমে সেবার মান বাড়ানো এবং গ্রাহকদের জন্য উন্নত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, নতুন উদ্ভাবন এবং স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল সেবার বিস্তার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। টেলিকম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকার ৫জি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে এবং এই খাতে দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে দেশের জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, ৫জি, ডেটা সেন্টার, এআই ও সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সঠিক নীতি ও অবকাঠামো নিশ্চিত করা গেলে প্রযুক্তি খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোলটেবিল আলোচনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম।।
হাম টিকা বিতরণে কারচুপি? ড. ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা চেয়ে রিট