Published : 14 May 2026, 09:07 PM
জাতীয় ফুটবল দলের নতুন কোচ ঘোষণার আর বেশি দেরি নেই, তবে আর্থিক জটিলতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ এ বিষয়ে একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে প্রতিমন্ত্রী জানান, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আজ রাতেই তাঁর কথা হবে এবং আশা করছেন সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, “তাবিথ সাহেব রাতে আমার সঙ্গে কথা বলবেন, তারপরই সব ঠিক হয়ে যাবে। আমি এই মুহূর্তে ময়মনসিংহ থেকে ফিরছি, তাই ফোনে বিষয়টি শেষ করতে চাই।” দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর বাফুফে তিনজন কোচের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। তাঁদের মধ্যে ওয়েলসের প্রাক্তন কোচ ক্রিস কোলম্যানের নাম বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে। এই তালিকায় থাকা অন্যান্য কোচদের সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “কোলম্যান তো আছেনই। সম্ভবত জার্মানির বার্নড স্টর্কও আছেন। আরও একজন আছেন।
আমরা শর্টলিস্ট থেকে সেরা প্রার্থীকেই বেছে নেব। তবে কোলম্যান অন্যদের থেকে এগিয়ে আছেন, এটা বলা যায়।” কোচ নির্বাচন প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোলম্যানের বেতন। তাঁর মাসিক বেতন এবং অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৩৫ হাজার ডলার প্রয়োজন হবে। এই বিশাল অঙ্কের অর্থ জোগাড় করতে বাফুফে মন্ত্রণালয়ের সাহায্য চাইছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, “কোলম্যানের বেতনের প্রস্তাব আমার কাছে এসেছে এবং আমি এটি নিয়ে ইতিবাচক। যদি কোলম্যান কোচ হন, তবে আমাদের বড় ধরনের সমর্থন প্রয়োজন হবে। ফুটবলের স্বার্থে এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা অবশ্যই পাশে থাকব এবং সাধ্যমতো সাহায্য করব।” তিনি আরও বলেন, “বাফুফে হয়তো অর্ধেক বেতন দিতে পারবে, আর মন্ত্রণালয় বাকি অর্ধেক। এখন পর্যন্ত পরিকল্পনা এটাই।
দেখা যাক, চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়।” প্রতিমন্ত্রী, নিজে একজন ফুটবলার হওয়ায় এই খেলার প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। তিনি বলেন, “আমি ফুটবলের মানুষ। একজন ফুটবলার হিসেবে আমি সবসময় ফুটবলের পাশে থাকব। আমি সব খেলাধুলার সমান গুরুত্ব দিচ্ছি, তবে ফুটবলের জন্য যা যা করা দরকার, তা আমরা অবশ্যই করব, ইনশাআল্লাহ।” আগামীকাল ফুটবলপ্রেমীরা তাঁদের কাঙ্ক্ষিত কোচের নাম জানতে পারবেন। এ বিষয়ে আমিনুল হকের শেষ মন্তব্য, “বাফুফে কোচিংয়ের বিষয়টি আমাদের (মন্ত্রণালয়ের) সঙ্গে আলোচনা করেছে এবং আমি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। আশা করি, আগামীকাল আপনারা বিস্তারিত জানতে পারবেন।”।