Published : 29 Apr 2026, 09:05 AM
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় তীলাই গ্রামের মনির হোসেনের ৮ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার, জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮) এবং ঢলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাসের চালক লিমন মিয়া (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মাইক্রোবাস কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারীর দিকে যাত্রা করছিল। বাঁশেরতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তাঁদের দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামের আবদুল গফুরের ছেলে হামিদুল ইসলাম (২৫), বোর্টহাট গ্রামের আবদুস ছাত্তারের মেয়ে শান্তা, বাগভান্ডার গ্রামের সোহরাব আলোর ছেলে সমের আলী ও ধলডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জবা (৩৫)। আহত হামিদুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম জানান, কয়েকদিন আগে তার ভাই আঙিনায় পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছিলেন। আজ রংপুর মেডিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথে এই দুর্ঘটনা ঘটে এবং তিনি গুরুতর আহত হন। বর্তমানে তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।।
সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো: ১ জুলাই থেকে কার্যকর, আসছে বিস্তারিত ঘোষণা