Published : 19 Apr 2026, 09:07 PM
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও মাতৃত্বের আনন্দে মাতোয়ারা। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তাঁদের দ্বিতীয় সন্তান আসছে—এই খবর জানানোর সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে খুশির ঢেউ উঠেছে। দীপিকা এর আগেও বলেছিলেন, মাতৃত্ব তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।আজ সকালে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট হাত ধরে আছে প্রেগন্যান্সি টেস্ট কিট। এই ছবিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীপিকা দ্বিতীয়বার মা হতে চলেছেন—এই সুখবরটি নিজেই দিয়েছেন তিনি।ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে তাঁর কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে প্রেগন্যান্সি কিট। অভিনেত্রী কোনো বড় ক্যাপশন দেননি, শুধু এই ছবির মাধ্যমেই সুখবরটি জানিয়েছেন। ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে, ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া দ্রুতই মন্তব্য করে ‘অভিনন্দন!’ জানিয়েছেন।
মাতৃত্ব নিয়ে দীপিকার ভাবনা সবসময়ই গভীর। ২০২৫ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মা হওয়ার অভিজ্ঞতা তাঁর জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। তিনি আগে নিজেকে ধৈর্যশীল মনে করতেন, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর তাঁর ধৈর্য এবং সহনশীলতা আরও বেড়েছে।দীপিকার মতে, মাতৃত্ব মানুষকে আরামের জগত থেকে বের করে আনে। দীপিকা স্বীকার করেছেন, তিনি স্বভাবতই খুব বেশি সামাজিক ছিলেন না। কিন্তু সন্তানের কারণে অন্যান্য অভিভাবকদের সঙ্গে মেশা, প্লে-স্কুলের পরিবেশ—সব মিলিয়ে তাঁকে নতুন করে মানুষের সঙ্গে যুক্ত হতে শিখিয়েছে। তিনি এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখেন। দীপিকা সেই সাক্ষাৎকারে আরও বলেছিলেন, ‘আমি সবসময় মা হতে চেয়েছি। আর এখন আমি আমার জীবনের সেরা চরিত্রে অভিনয় করছি।’এই একটি বাক্যেই তাঁর অনুভূতির গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। অভিনয়ের জগতে অসংখ্য চরিত্রে নিজেকে প্রমাণ করলেও, বাস্তব জীবনের এই ভূমিকাকেই তিনি সবচেয়ে বেশি পরিপূর্ণতা দিয়েছেন বলে মনে করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া তাঁদের জীবনে আসে। তাঁরা বেশ কিছুদিন তাঁদের কন্যাকে গণমাধ্যমের আড়ালে রেখেছিলেন। পরে দিওয়ালির সময় প্রথমবারের মতো কন্যার ছবি প্রকাশ করেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও এই দম্পতি জানান, ‘দুয়া’ নামের অর্থ ‘প্রার্থনা’—যা তাঁদের জীবনে সন্তানের আগমনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক।এদিকে, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে সফল হয়েছে। অন্যদিকে, দীপিকাকে শীঘ্রই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে। এছাড়াও, তিনি দক্ষিণের তারকা আল্লু অর্জুনের সঙ্গে একটি নতুন প্রকল্পেও কাজ করছেন।হিন্দুস্তান টাইমস অবলম্বনে।।