Published : 10 Mar 2026, 07:05 AM
তেহরানে সোমবার রাতে বিমান হামলার তীব্রতা এতটাই ছিল যে, এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর অন্যতম বলে মনে করছেন আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি জানান, গত কয়েক ঘণ্টায় তেহরানের বিভিন্ন স্থানে একটানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। বিস্ফোরণের ধাক্কায় আল-জাজিরার অফিস ভবনের জানালাগুলোও কেঁপে উঠেছে। মোহাম্মদ ভাল আরও জানান, তেহরানের উত্তরে কারাজ এলাকাতেও একই ধরনের শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। পূর্ব তেহরানের একটি জনবহুল এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে, যাতে অন্তত ৪০ জন ইরানি নাগরিকের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত সতর্ক।
বিশেষ করে পূর্ব আকাশের বাতাস আলো ঝলকানিতে ভরে উঠেছিল। ইসফাহানেও তীব্র বোমাবর্ষণ করা হয়েছে। সেখানকার গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাবরিজ অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। কিছু সূত্রে দাবি করা হচ্ছে, ইসফাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারমাণবিক কেন্দ্রগুলোর কাছাকাছি ঘটেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বেশিরভাগ মজুত ইসফাহানের মাটির নিচে সংরক্ষিত আছে।
যদিও এই তথ্যের সত্যতা যাচাই করার মতো পর্যাপ্ত তথ্য আল-জাজিরার কাছে নেই। অন্যদিকে, ইরানের সেনাবাহিনী ও রেভোল্যুশনারি গার্ডস কোর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে এবং ‘৩৩তম তরঙ্গ’ নামে একটি অভিযান শুরু করেছে। তারা জানিয়েছে, এখন থেকে ১০০০ কেজির কম ওজনের কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে না। রেভোল্যুশনারি গার্ডসের তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কিছু ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে এবং তারা পুরো অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও শক্তিশালী হামলা চালানোর পরিকল্পনা করছে।।
সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো: ১ জুলাই থেকে কার্যকর, আসছে বিস্তারিত ঘোষণা