Published : 24 Feb 2026, 05:06 AM
মেক্সিকোর কুখ্যাত মাদক সন্ত্রাসী এল মেনচো’র সামরিক অভিযানে মৃত্যুর পর দেশটিতে চরম উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। জালিসকো প্রদেশে নিরাপত্তা বাহিনীর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ এই তথ্য নিশ্চিত করেছেন। এল মেনচো, যার আসল নাম নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস, দেশটির বিশেষ বাহিনীর হাতে গত রোববার আটক হন এবং পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরপরই মেক্সিকোর ২০টির বেশি প্রদেশে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমাঞ্চলে আড়াই হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রিচার্দো ত্রেভিলা। এল মেনচো ছিল জালিসকো নিউ জেনারেশন (সিজেএনজি) নামক মাদক চক্রের প্রধান।
এই চক্রটি মেক্সিকোর সবচেয়ে ভয়ংকর মাদকচক্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দেশটির মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। নিরাপত্তা বাহিনী এল মেনচোর এক প্রেমিকার মাধ্যমে তাঁর অবস্থান জানতে পারে। আটকের সময় তাঁর দেহরক্ষী ও অন্যান্য সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুরুতর আহত হন, যা পরবর্তীতে তাঁর মৃত্যুর কারণ হয়। অভিযানে এল মেনচোর দেহরক্ষীদের মধ্যে ছয়জন নিহত এবং তিনজন সেনা সদস্য আহত হন। নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া জানিয়েছেন, এল মেনচোর মৃত্যুর পর সহিংসতায় একজন কারারক্ষী, প্রসিকিউটরের কার্যালয়ের একজন সদস্য এবং এল মেনচোর মাদক চক্রের অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছেন। এদিকে, এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর চক্রের সদস্যরা বিভিন্ন শহরে হামলা চালায়।
কোথাও রাস্তায় ধারালো কাঁটা ও পেরেক বিছিয়ে যান চলাচল বন্ধ করে দেয়, আবার কোথাও যানবাহনে আগুন লাগিয়ে দেয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জানিয়েছেন, সোমবার সকালের মধ্যে রাস্তা থেকে সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও, মাদক চক্রের সদস্যরা কয়েক ডজন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সহিংস পরিস্থিতির কারণে জালিসকোর গভর্নর পাবলো লেমুস নাভারো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যে বিশেষ সতর্কতা জারি করেন এবং বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেন। ফলে অনেক শহরের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে।।
সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো: ১ জুলাই থেকে কার্যকর, আসছে বিস্তারিত ঘোষণা