Published : 22 Feb 2026, 07:06 PM
হবিগঞ্জের বাহুবল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে চরম দুর্ব্যবহার ও সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ঘটনার সূত্রপাত, এবং আজ রোববার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে ওই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়। ফেরদৌস আহমেদ চৌধুরী, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি। তাঁর গ্রেফতারের প্রতিবাদে দলের কর্মীরা আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় ১৫ মিনিট ধরে মহাসড়কে অবস্থান নেওয়ার পর পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের জানান, ফেরদৌস আহমেদ চৌধুরী ব্যক্তিগত কাজে শনিবার রাতে বাহুবল থানায় যান।
সেখানে তিনি দেখতে পান ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বাহুবল উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান গল্প করছেন। এসময় ফেরদৌস আহমেদ ওসির কাছে জানতে চান, “কেন আমার ফোন ধরেন না? এভাবে গল্পে মগ্ন থাকেন, আমার ফোন ধরার সময় পান না?” এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। থানা থেকে বেরিয়ে ফেরদৌস তাঁর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। গতকাল রাতে ওসি ও বিএনপি নেতা ফেরদৌসের মধ্যে হওয়া অসৌজন্যমূলক কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতিতে অভিযুক্ত ফেরদৌস আহমেদকে আজ বেলা একটার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে আজ দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য জি কে গউছের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।।
সরকারি দপ্তরগুলোতে নতুন চমক, তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি