Published : 10 Feb 2026, 10:05 AM
রাজধানীর সাতটি সরকারি কলেজের একত্রীকরণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রাষ্ট্রপতি এই বিষয়ে অধ্যাদেশ জারি করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। এই অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজ—এই সাতটি শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক দিক থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে যুক্ত হবে। অধ্যাদেশ অনুযায়ী, ঢাকায় একটি স্বায়ত্তশাসিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, কোষাধ্যক্ষ এবং সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। নতুন এই বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষা, পরীক্ষা, গবেষণা এবং সনদ প্রদানের দায়িত্ব পালন করবে। স্থায়ী ক্যাম্পাস তৈরির পরিকল্পনা করা হয়েছে, তবে সেটি প্রস্তুত না হওয়া পর্যন্ত ভাড়া করা স্থান ও ভবনে কার্যক্রম চলবে। গত বছরের ২৪ সেপ্টেম্বর এই অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছিল। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন করে।
অবশেষে, সেটি চূড়ান্ত অধ্যাদেশ হিসেবে গেজেট আকারে প্রকাশিত হলো। উল্লেখ্য, এই সাতটি কলেজ পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যায়। এরপর থেকে শিক্ষার্থীরা সেশনজট ও ফল প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছিল।।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী